ঢাকায় আসছেন ফিলিস্তিনের স্বরাষ্ট্রমন্ত্রী সাঈদ আবু আলী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিরাপত্তাব্যবস্থা জোরদারে বাংলাদেশের সহযোগিতার বিষয়ে আলোচনার জন্য কাল সোমবার ঢাকায় আসছেন ফিলিস্তিনের স্বরাষ্ট্রমন্ত্রী সাঈদ আবু আলী। চার দিনের সফরের প্রথম দিনই তিনি নিরাপত্তা-সহযোগিতা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন।পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠেয় বৈঠকে ফিলিস্তিনের নিরাপত্তা কাঠামো বাড়াতে বাংলাদেশের সহযোগিতা নিয়ে আলোচনা হবে। বিশেষ করে তাদের নিরাপত্তার বিষয়ে বাংলাদেশের সহযোগিতার বিষয়টি গুরুত্ব পাবে। দেশটির পক্ষ থেকে কী ধরনের সহযোগিতা চাওয়া হবে, বাংলাদেশ কীভাবে এতে সাড়া দেবে—এসব বিষয় আলোচনায় প্রাধান্য পাবে। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ফিলিস্তিনের দেওয়া নিরাপত্তা সহযোগিতাবিষয়ক সমঝোতা স্মারক নিয়ে প্রাথমিক আলোচনা হবে। ওই খসড়া দেওয়ার পর আলোচনায় বসে তাদের মনোভাব জেনে নেওয়া হবে। এরপর সেটা ঠিক করা হবে বাংলাদেশ কীভাবে এগোবে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চার দিনের এ সফরের সময় সাঈদ আবু আলী প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি ও সেনাবাহিনীর প্রধান জেনারেল আব্দুল মুবীনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। গত এক দশকে সাঈদ আবু আলী হচ্ছেন বাংলাদেশ সফররত ফিলিস্তিনির কোনো জ্যেষ্ঠ কর্মকর্তা। অবশ্য ২০১০ সালের ১১ ফেব্রুয়ারি জাপান ও দক্ষিণ কোরিয়া সফর শেষে সংযুক্ত আরব আমিরাত যাওয়ার পথে জ্বালানি তেল নিতে ঢাকায় যাত্রাবিরতি করেন ফিলিস্তিনি নেতা মাহমুদ আব্বাস। ওই সময় বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।