ঢাকায় আসছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মনোহর পারিকর। ছবি : টুইটার থেকে
মনোহর পারিকর। ছবি : টুইটার থেকে

ভারতের প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকর চলতি মাসের শেষের দিকে ঢাকায় আসছেন। দুই দেশের প্রতিরক্ষাবিষয়ক সহযোগিতার ক্ষেত্রে বড় ধরনের অগ্রগতির উপায় খুঁজতেই তাঁর এই আসা। বাংলাদেশের প্রতি চীনের কৌশলগত পদক্ষেপ বাড়ানোর পরিপ্রেক্ষিতে তাঁর এ সফর বলে টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়।
বাংলাদেশের কূটনৈতিক দুটি সূত্রও পারিকরের ঢাকায় আসার বিষয়টি নিশ্চিত করেছে।
ভারতের সরকারি সূত্র গতকাল মঙ্গলবার টাইমস অব ইন্ডিয়াকে জানায়, ৩০ নভেম্বর তাঁর আসার কথা। দুই দিনের আলোচনায় সন্ত্রাসবিরোধী কর্মকাণ্ড জোরদার করতে নতুন প্রতিরক্ষা সহযোগিতা কাঠামোর অংশ হিসেবে সামরিক সরবরাহ বাড়ানো, প্রযুক্তি হস্তান্তর, প্রশিক্ষণ ও যৌথ মহড়ার আয়োজন করা হবে।
সূত্র জানায়, আগামী ডিসেম্বরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে যাওয়ার কথা। তখনই এ বিষয়ক চুক্তিগুলো সই হওয়ার কথা। অনেক বছর পর ভারতীয় কোনো প্রতিরক্ষামন্ত্রী বাংলাদেশে আসছেন।
গত সোমবার বাংলাদেশ চীনের কাছ থেকে পাওয়া দুটি ডুবোজাহাজ বাংলাদেশ নৌবাহিনীর বহরে যুক্ত হয়। দুটি ডুবোজাহাজই আগামী বছরের জানুয়ারি মাসে দেশে আসবে। এই দুটির নাম রাখা হয়েছে ‘নবযাত্রা’ ও ‘জয়যাত্রা’। এরপরই ভারতের প্রতিরক্ষামন্ত্রীর বাংলাদেশে এ সফর। গত অক্টোবর চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বাংলাদেশ সফরে এসেছিলেন। ৩০ বছরে চীনের প্রথম কোনো প্রেসিডেন্ট বাংলাদেশ সফরে আসেন। এ সময় বাংলাদেশের সঙ্গে চীনের ২৭টি চুক্তি সই হয়।