ঢাকায় আসছেন মার্ক টালি
মুক্তিযুদ্ধের ঘটনা-বলি স্মৃতিচারণা করবেন দুই প্রখ্যাত বিদেশি সাংবাদিক মার্ক টালি ও সায়মন ড্রিং। বিশিষ্ট ব্যবসায়ী, সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি আনিসুল হকের আমন্ত্রণে তাঁরা ১৩ এপ্রিল ঢাকা আসছেন।স্মৃতিচারণামূলক অনুষ্ঠানটি হবে ১৬ এপ্রিল সোনারগাঁও হোটেলে। ‘স্মৃতি একাত্তর’ নামের এই অনুষ্ঠানে জীবন্ত কিংবদন্তি এই দুই সাংবাদিক বাংলাদেশের মুক্তিসংগ্রামে তাঁদের প্রত্যক্ষ করা ঘটনার স্মৃতিচারণা করবেন বলে জানান আনিসুল হক। বাংলাদেশের স্বাধীনতাসংগ্রামে এই দুজনেরই প্রত্যক্ষ ভূমিকা রয়েছে।আনিসুল হক আরও জানান, ওই দিনের অনুষ্ঠানে তাঁরা স্বাধীনতাযুদ্ধের নানা প্রেক্ষাপট, সাংবাদিক হিসেবে তাঁদের অংশগ্রহণ এবং যুদ্ধের ময়দানের বিভিন্ন অভিজ্ঞতার কথাও বলবেন। এ ছাড়া থাকবে বঙ্গবন্ধুর স্মৃতিচারণা।গত ৭ জানুয়ারি ঢাকায় অনুষ্ঠিত সার্ক যুব কনভেনশনে মার্ক টালি ও সায়মন ড্রিংয়ের ঢাকায় আসার কথা ছিল। কিন্তু অসুস্থতার কারণে সে সময় মার্ক টালি আসতে পারেননি। এ কারণেই এবার মার্ক টালি আসছেন। সঙ্গে সায়মন ড্রিংও থাকছেন।স্মৃতিচারণা ছাড়াও তাঁরা পয়লা বৈশাখের দিন নববর্ষের বিভিন্ন অনুষ্ঠানে যাবেন বলে জানা গেছে।