ঢাকায় আসছেন মার্কিন উপ পররাষ্ট্রমন্ত্রী স্টিফেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্কিন উপ পররাষ্ট্রমন্ত্রী স্টিফেন বিগান
ছবি: সংগৃহীত

মার্কিন উপ পররাষ্ট্রমন্ত্রী স্টিফেন বিগান তিন দিনের সফরে ১৪ অক্টোবর ঢাকায় আসছেন। এ সফরের তিনি বাংলাদেশের জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় অবাধ, অন্তর্ভুক্তিমূলক, শান্তিপূর্ণ ও নিরাপদ  ইন্দো-প্যাসিফিক অঞ্চল প্রতিষ্ঠা, কোভিড-১৯ মোকাবিলা এবং টেকসই উন্নয়নে দুই পক্ষের অংশীদারত্ব ও সহযোগিতা নিয়ে আলোচনা করবেন।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্রের দপ্তর থেকে শুক্রবার সন্ধ্যায়  জানানো হয়েছে, স্টিফেন বিগান রাষ্ট্রীয় সফরের অংশ হিসেবে অক্টোবরের ১২ থেকে ১৬ তারিখ ভারত ও বাংলাদেশ সফর করবেন।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জানিয়েছেন, সফরের শুরুতে ১২ অক্টোবর স্টিফেন বিগান ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছাবেন। তিন দিনের ভারত সফরের সময় তিনি সেখানকার জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন এবং ইন্ডিয়া-ইউএস ফোরামে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেবেন।

স্টিফেন বিগান ১৪ অক্টোবর নয়াদিল্লি থেকে ঢাকায় পৌঁছাবেন। ১৪-১৬ অক্টোবর বাংলাদেশ সফরের সময় তিনি বাংলাদেশের জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন। এসব আলোচনায় যুক্তরাষ্ট্র-বাংলাদেশের অংশীদারত্বের বিষয়টি পুনঃনিশ্চিত করবেন। বাংলাদেশের সফরের সময় তিনি সবার সমৃদ্ধির জন্য একটি স্বাধীন, অবাধ, অন্তর্ভুক্তিমূলক, শান্তিপূর্ণ ও নিরাপদ ইন্দো-প্যাসিফিক অঞ্চল গড়ে তোলার পাশাপাশি কোভিড-১৯ মোকাবিলা ও অর্থনীতি পুনরুদ্ধার এবং টেকসই অর্থনৈতিক উন্নয়ন প্রচেষ্টায় যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের অংশীদারত্ব ও যৌথ সহযোগিতা নিয়ে আলোচনা করবেন।

প্রসঙ্গত, ৬ অক্টোবর টোকিওতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বৈঠক করেন। আবার এই বছরের শেষের দিকে যুক্তরাষ্ট্র ও ভারতের মন্ত্রী পর্যায়ের সংলাপ ‘ইউএস-ইন্ডিয়া ২+২ মিনিস্ট্রিয়াল ডায়লগ’ হওয়ার কথা। তার আগে স্টিফেন বিগানের এই সফর যুক্তরাষ্ট্র ও ভারতের সমন্বিত বৈশ্বিক কৌশলগত অংশীদারত্ব এগিয়ে নেওয়া এবং কীভাবে যুক্তরাষ্ট্র ও ভারত ইন্দো-প্যাসিফিক অঞ্চলসহ বিশ্বজুড়ে শান্তি, সমৃদ্ধি এবং নিরাপত্তাকে এগিয়ে নিতে এক সঙ্গে কাজ করতে পারে তার ওপর আলোকপাত করা হবে।