ঢাকায় আসছেন মার্কিন সহকারী মন্ত্রী নিশা দেশাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিশা দেশাই বিসওয়াল
নিশা দেশাই বিসওয়াল

দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল আগামী শনিবার ঢাকায় আসছেন। রবার্ট ও ব্লেকের স্থলাভিষিক্ত হওয়ার পর এটি হবে নিশার প্রথম বাংলাদেশ সফর। কূটনৈতিক সূত্রে জানা গেছে, সাধারণত মার্কিন পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তা দায়িত্ব নেওয়ার পর ওই অঞ্চলের দেশগুলোতে পরিচিতিমূলক সফরে যান। নিশা দেশাই এমন এক সময়ে ঢাকায় আসছেন, যখন নির্বাচন কেন্দ্র করে এক ধরনের রাজনৈতিক সংকট চলছে। ফলে দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিশা দেশাইয়ের এ সফরে চলমান রাজনীতি বিশেষ গুরুত্ব পাবে।

জানা গেছে, তিন দিনের ঢাকা সফরের সময় নিশা দেশাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া ও পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এ তিনটি আলোচনায় চলমান রাজনীতি ও আসন্ন নির্বাচন নিয়ে আলোচনা হবে। এ ছাড়া পররাষ্ট্রসচিব মো. শহীদুল হকের সঙ্গে তিনি আনুষ্ঠানিক বৈঠক করবেন। রাজনীতিবিদ ও কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে নিশা দেশাই চলমান রাজনীতি ও আসন্ন নির্বাচন, তৈরি পোশাকশিল্পের শ্রমমান পরিস্থিতি, গ্রামীণ ব্যাংক ও বাংলাদেশ-যুক্তরাষ্ট্র তৃতীয় অংশীদারি সংলাপ প্রসঙ্গে আলোচনা করবেন।

মার্কিন পররাষ্ট্র দপ্তর গতকাল বুধবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, টোকিও সফরের পর নিশা দেশাই বাংলাদেশ সফর করবেন। এ সফরের সময় বৈশ্বিক, আঞ্চলিক, দ্বিপক্ষীয় বিষয়ে সরকার ও বিরোধী দলের নেতাদের পাশাপাশি নাগরিক সমাজের প্রতিনিধি ও শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনা করবেন।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, ১৬ নভেম্বর দুপুরে টোকিও থেকে ঢাকায় আসবেন নিশা দেশাই। পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি ঢাকায় থাকলে সফরের দ্বিতীয় দিন নিশা দেশাই তাঁর সঙ্গে দেখা করবেন। তবে ওই দিন পররাষ্ট্রমন্ত্রী দেশে না থাকলে বৈঠকটি পরের দিন অর্থাৎ ১৮ নভেম্বর অনুষ্ঠিত হতে পারে। ১৮ নভেম্বর পররাষ্ট্রসচিব মো. শহীদুল হকের সঙ্গে নিশা দেশাইয়ের আনুষ্ঠানিক বৈঠক হওয়ার কথা রয়েছে। তবে গতকাল এ প্রতিবেদন লেখা পর্যন্ত প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেত্রীর সঙ্গে সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাতের সময়সূচি চূড়ান্ত হয়নি।

এদিকে এ সফরের সময় বাণিজ্যমন্ত্রী জি এম কাদের ও শ্রমমন্ত্রী রাজিউদ্দিন রাজুর সঙ্গে নিশা দেশাইয়ের দেখা করার কথা রয়েছে। নিশা দেশাই গত ২১ অক্টোবর দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের সহকারী মন্ত্রী হিসেবে যোগ দেওয়ার আগে তিনি যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ইউএসএআইডি) সহকারী প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন।