ঢাকায় আসছেন সহকারী মার্কিন মন্ত্রী আজ
যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও ব্যবসাবিষয়ক সহকারী মন্ত্রী চার্লস এইচ রিভকিন আজ বুধবার দুই দিনের সফরে ঢাকায় আসছেন। এ সফরের সময় তিনি সরকারি কর্মকর্তা, ব্যবসায়িক সম্প্রদায়, তৈরি পোশাকশিল্প খাতের নেতা ও কর্মী এবং গণমাধ্যমের সঙ্গে দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক নিয়ে আলোচনা করবেন।
ঢাকায় মার্কিন দূতাবাস গতকাল মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে জানায়, এ বছরের ১০ ফেব্রুয়ারি চার্লস রিভকিন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও ব্যবসাবিষয়ক সহকারী মন্ত্রী হিসেবে যোগ দেন। এর আগে তিনি চার বছর ফ্রান্স ও মোনাকোতে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে নিয়োজিত ছিলেন, যেখানে তিনি যুক্তরাষ্ট্রের প্রথম ও বৃহত্তম কূটনৈতিক মিশনের নেতৃত্ব দেন। রিভকিন সর্বপ্রথম অপেশাদার দ্বিপক্ষীয় রাষ্ট্রদূত হিসেবে অর্থনৈতিক ও ব্যবসাবিষয়ক দপ্তরের নেতৃত্ব দিচ্ছেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির নির্দেশিত ‘অর্থনীতিই পররাষ্ট্রনীতি’ এ মূলনীতি বাস্তবায়নে একটি ব্যবসায়িক দলকে সঙ্গে নিয়ে কাজ করার জন্য তাঁকে নিয়োগ দেওয়া হয়।
যুক্তরাষ্ট্রের ইয়েল ইউনিভার্সিটি থেকে ১৯৮৪ সালে রাষ্ট্রবিজ্ঞান ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন চালর্স রিভকিন। তিনি হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে এমবিএ করেন ১৯৮৮ সালে। ২০১৩ সালে রাষ্ট্রদূত রিভকিন ফ্রান্সের মর্যাদাপূর্ণ জাতীয় পুরস্কার ন্যাশনাল অর্ডার অব দ্য লেজিওন অব অনার পান।