অভিবাসীদের স্বার্থ রক্ষায় ডিসেম্বরে ঢাকায় অনুষ্ঠেয় গ্লোবাল ফোরাম অন মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্টের (জিএফএমডি) সম্মেলন সফলভাবে আয়োজন করতে চায় বাংলাদেশ। ওই সম্মেলনে যোগ দিতে এখন পর্যন্ত ৭৩টি দেশ ও ২৭টি আন্তর্জাতিক সংস্থার প্রায় সাড়ে ৫০০ বিদেশি প্রতিনিধি নিবন্ধন করেছেন। এর মধ্যে ২০ জন মন্ত্রী রয়েছেন।
আজ বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জিএফএমডির এবারের চেয়ারম্যান বাংলাদেশের পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক এসব তথ্য জানান। অভিবাসী ও উন্নয়নবিষয়ক বৈশ্বিক ফোরামের এবারের নবম সম্মেলন সামনে রেখে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
২০০৬ সালে জাতিসংঘে প্রথমবারের মতো অভিবাসন বিষয়টি নিয়ে আলোচনা হয়। এরপর ২০০৭ সাল থেকে প্রতিবছর বৈশ্বিক এ সম্মেলন হচ্ছে। এবারের আয়োজক বাংলাদেশ।
পররাষ্ট্রসচিব শহীদুল হক বলেন, ‘আমাদের এ ধরনের বড় আন্তর্জাতিক সম্মেলন আগে করার অভিজ্ঞতা নেই। কিন্তু একটি সফল আয়োজনের জন্য প্রস্তুত বাংলাদেশ। ইতিমধ্যে ৭৩টি দেশের ৩০০ সরকারি এবং ২৫০ নাগরিক প্রতিনিধি এই সম্মেলনে অংশ নেওয়ার জন্য নিবন্ধন করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১০ ডিসেম্বর এই সম্মেলনের উদ্বোধন করবেন। এর আগে ৮ ও ৯ ডিসেম্বর নাগরিক প্রতিনিধিরা বৈঠক করবেন। তাঁরা যেসব বিষয় নিয়ে আলোচনা করবেন, সরকারি প্রতিনিধিদলের বৈঠকে সেগুলো বিশেষ গুরুত্ব পাবে।’
সংবাদ সম্মেলনে জানানো হয়, অভিবাসন ও উন্নয়নের অর্থনীতি, সামাজিক প্রেক্ষাপট ও সুশাসন—এই তিনটিকে মূল ধরে এবারের সম্মেলনে মোট ছয়টি বিষয়ের ওপর আলোচনা হবে। অভিবাসন খরচ, মানুষে মানুষে যোগাযোগ, অভিবাসীদের গন্তব্য, অভিবাসীদের স্বার্থ রক্ষা, সাংঘর্ষিক পরিস্থিতি ও দুর্যোগের সময় কীভাবে পরিস্থিতি মোকাবিলা করা হবে, নিরাপদ অভিবাসনের জন্য করণীয়—এমন বিষয়গুলো নিয়ে এই সম্মেলনে আলোচনা ও করণীয় ঠিক করা হবে।
এ বছরের ১৯ সেপ্টেম্বর জাতিসংঘের ৭১তম সাধারণ অধিবেশনে গৃহীত ‘নিউইয়র্ক ডিক্লারেশন ফর রিফিউজিস অ্যান্ড মাইগ্রান্টস’-এর প্রস্তাব অনুযায়ী সমঝোতার মাধ্যমে গ্লোবাল মাইগ্রেশন কম্পাক্টের রূপরেখা চূড়ান্ত করা হবে। এটি ২০১৮ সালে অনুষ্ঠেয় আন্তরাষ্ট্রীয় সম্মেলনে জাতিসংঘের সব সদস্যরাষ্ট্রের স্বীকৃতি অর্জন করবে।
পররাষ্ট্রসচিব বলেন, এই সম্মেলন একটি কল্যাণমুখী ‘মাইগ্রেশন কম্পাক্ট’ রচনার সুযোগ তৈরি করবে বলে তিনি আশাবাদী। এ ছাড়া এবারের জিএফএমডিতে প্রথমবারের মতো বাংলাদেশ, সুইজারল্যান্ড, সুইডেন ও তুরস্কের ব্যবসায়ী সম্প্রদায় যুক্ত হচ্ছে বলেও জানান পররাষ্ট্রসচিব।
সংবাদ সম্মেলনে মিয়ানমারের রোহিঙ্গাদের বিষয়ে বাংলাদেশের অবস্থান জানতে একাধিক সাংবাদিক প্রশ্ন করলেও সচিব সরাসরি কোনো উত্তর দেননি। তিনি বলেন, রোহিঙ্গা সমস্যার উৎস যেখানে, সেখানেই এর সমাধান করতে হবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) বাংলাদেশ মিশনের প্রধান শরৎ দাস, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক সাদিয়া ফয়জুন্নেসা, নাহিদা সোবাহান এবং শ্রীলঙ্কার বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ।