ঢাকায় ই-আইডি ফোরাম আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগ ও এশিয়া প্যাসিফিক স্মার্ট কার্ড অ্যাসোসিয়েশনের (এপিএসসিএ) যৌথ উদ্যোগে আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী ই-আইডি ফোরাম। ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সকাল সাড়ে ১০টা থেকে বিশ্বের ১১তম এই আন্তর্জাতিক ফোরামের উদ্বোধন হওয়ার কথা রয়েছে।
গতকাল সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে সংবাদ সম্মেলনে ই-আইডি ফোরামের নানা দিক তুলে ধরেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তিবিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক। তিনি বলেন, ‘নির্বাচন কমিশনের মাধ্যমে সরকার জাতীয় পরিচয়পত্রধারী ৯ কোটি ৬২ লাখের বেশি মানুষকে স্মার্ট এনআইডি কার্ড প্রদানের জন্য কাজ করছে। পৃথিবীর অন্যান্য দেশ কীভাবে স্মার্ট কার্ড ব্যবহারের মাধ্যমে নাগরিক সুবিধা নিশ্চিত করছে এবং আমরা কীভাবে আমাদের দেশে এই সুবিধাগুলো নিশ্চিত করতে পারি, সে বিষয়ে ধারণা পেতে ই-আইডি ফোরাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
প্রতিমন্ত্রী জানান, এশিয়ার সব দেশসহ সারা বিশ্বের ৩০টি দেশের ২৬টির অধিক আন্তর্জাতিক প্রতিষ্ঠানের শতাধিক তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞকে নিয়ে এই ফোরামের আয়োজন করা হয়েছে। দুই দিনের এই ফোরামে আটটি সেমিনার হবে। এখানে বাংলাদেশের দুটি সেশনসহ মোট ২৭টি কারিগরি অধিবেশন থাকবে, যেখানে সারা দুনিয়ার স্মার্ট আইডি কার্ড বিশেষজ্ঞরা অংশ নেবেন। তিনি আরও বলেন, দেশে প্রচলিত অনেক ধরনের কাজের জন্য অনেক রকম কার্ডের পরিবর্তে সব ধরনের কাজের জন্য একটি স্মার্ট কার্ড প্রদানের মাধ্যমে ব্যক্তিগত, সরকারি, বেসরকারি সব কাজে ব্যবহারের সম্ভাব্যতা যাচাইসহ পৃথিবীর সব কাজে ব্যবহারের সম্ভাব্যতা যাচাই করা হবে এই ফোরামে। এ ছাড়া এ ধরনের কার্ড ব্যবহারের সুবিধাসহ নানা দিক নিয়ে বিভিন্ন দেশের প্রতিনিধিদের অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ থাকবে এই ফোরামে। এখান থেকে বাংলাদেশ অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে নতুন স্মার্ট আইডি কার্ড ব্যবহার শুরুর জ্ঞান অর্জন করে তা কাজে লাগাতে পারবে।
সংবাদ সম্মেলনে এশিয়া প্যাসিফিক স্মার্ট কার্ড অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান গ্রেগ পটে বলেন, অর্থনৈতিক নানা কার্যক্রমসহ ব্যক্তিগত নিরাপত্তার ক্ষেত্রে এই স্মার্ট কার্ড এখন বিশ্বের উন্নত দেশগুলোতে ব্যবহার করা হচ্ছে। বাংলাদেশের মতো সম্ভাবনাময় দেশ এ ধরনের ফোরামের মাধ্যমে অভিজ্ঞতা নিয়ে নিজেদের দেশে স্মার্ট কার্ড চালুর ক্ষেত্রে নানা সুবিধা সম্পর্কে জানতে পারবে।