ঢাকায় ঈদে এলাকাভিত্তিক নিরাপত্তা: ডিএমপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মনিরুল ইসলাম
মনিরুল ইসলাম

রাজধানী ঢাকায় ঈদ উপলক্ষে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ লক্ষ্যে তারা এলাকাভিত্তিক আলাদা নিরাপত্তা কৌশল গ্রহণ করবে।
আজ শনিবার দুপুর ১২টার দিকে রাজধানীর মিন্টো রোডের মিডিয়া সেন্টারে সাংবাদিকের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ডিএমপির মুখপাত্র মনিরুল ইসলাম।
ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) এই যুগ্ম কমিশনার বলেন, ঈদের দুদিন আগে থেকে এ বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হবে। রাজধানী স্বাভাবিক অবস্থায় ফিরে আসার আগ পর্যন্ত তা কার্যকর থাকবে।
মনিরুল ইসলাম বলেন, ঈদে প্রায় এক কোটি মানুষ ঢাকা ছাড়বে। এবারের ঈদে রাজধানীতে যাতে অপরাধের কোনো ঘটনা না ঘটে, এ জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করবে।
বিভিন্ন বাসাবাড়ি ও স্থাপনায় থাকা সিসিটিভি ক্যামেরা ঈদ উপলক্ষে পরীক্ষা করা হবে বলে জানান ডিএমপির মুখপাত্র। তিনি বলেন, প্রয়োজন হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাদের সিসিটিভি ক্যামেরা সংস্কার করতে বলা হবে। 

ঈদ উপলক্ষে রাজধানীতে বিশেষ নিরাপত্তাব্যবস্থার অংশ হিসেবে বেসরকারি নিরাপত্তা কোম্পানির সঙ্গে পুলিশ সমন্বয় করবে বলেও উল্লেখ করেন ডিবির যুগ্ম কমিশনার। তিনি বলেন, পুলিশ ফাঁড়ি, থানা, পুলিশ বক্স—এগুলো এলাকাভিত্তিক ভাগ করে নিরাপত্তার পরিকল্পনা নেওয়া হয়েছে।