ঢাকায় এক ভবনে দুই দূতাবাস

জার্মানি ও ফ্রান্সের মৈত্রী বেশ সুদৃঢ়। ভবিষ্যতের জটিল থেকে জটিলতর চ্যালেঞ্জ মোকাবিলায় দুই দেশ নিজেদের সহযোগিতা বাড়াতে একই ভবনে নিজেদের দূতাবাস চালুর সিদ্ধান্ত নেয় এক দশকেরও বেশি সময় আগে। ওই সিদ্ধান্তকে বাস্তবে রূপ দিতে আগামী গ্রীষ্মে ঢাকায় চালু হচ্ছে বিশ্বের প্রথম ফ্রাংকো-জার্মান দূতাবাস।
এই দূতাবাসের নির্মাণকাজ উদ্বোধন উপলক্ষে একই বিমানে চড়ে আজ সোমবার ঢাকায় আসছেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী লরাঁ ফাবিউস ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ফ্রাংক-ওয়াল্টার স্টেইনমায়ার।
পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী এ বছরের জুনে প্যারিস সফরে গিয়েছিলেন। ওই সময় ফরাসি পররাষ্ট্রমন্ত্রী তাঁর জার্মান প্রতিপক্ষকে নিয়ে বাংলাদেশ সফরের প্রস্তাব করলে তা গ্রহণ করেন মাহমুদ আলী।
আজ সকালে এক দিনের সফরে ঢাকায় নেমেই মাহমুদ আলীকে সঙ্গে নিয়ে লরাঁ ফাবিউস ও স্টেইনমায়ার পটুয়াখালীতে যাবেন। সেখানে উন্নয়ন প্রকল্প, বিশেষ করে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশ কীভাবে কাজ করছে, তা দেখবেন। দুপুরে তিন পররাষ্ট্রমন্ত্রী আনুষ্ঠানিক আলোচনায় বসবেন। বিকেলে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এরপর তাঁরা বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে নিয়ে বারিধারায় ফ্রাংকো-জার্মান দূতাবাসের নির্মাণকাজের উদ্বোধন করবেন।
ফ্রাংকো-জার্মান দূতাবাস নির্মাণের প্রেক্ষাপট জানতে চাইলে ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত টমাস প্রিনজ গতকাল প্রথম আলোকে ই-মেইলে জানান, বারিধারার কূটনৈতিক জোনে বিশ্বের প্রথম ফ্রাংকো-জার্মান দূতাবাস যৌথভাবে নির্মাণ করছে জার্মানি ও ফ্রান্স। এই ভবনে দুই দেশের কূটনৈতিক মিশনের কাজ চলবে। তিনি জানান, এলিসি চুক্তি সইয়ের চার দশকপূর্তিতে ২০০৪ সালের জানুয়ারিতে দুই দেশ যৌথ দূতাবাস খোলার ঘোষণা দেয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ঐতিহাসিকভাবে বাংলাদেশের সঙ্গে বিশেষ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে দুই দেশের। তা ছাড়া, জলবায়ু পরিবর্তনের মতো বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের ভূমিকাকে এই দুই দেশ অত্যন্ত মর্যাদার সঙ্গেই বিবেচনা করে। এ কারণে প্রথম ফ্রাংকো-জার্মান দূতাবাস নির্মাণে বাংলাদেশকে বেছে নেওয়া হয়েছে।
দুই মন্ত্রীর একসঙ্গে বাংলাদেশ সফরের তাৎপর্য সম্পর্কে রাষ্ট্রদূত প্রিনজ বলেন, ফ্রাংকো-জার্মান মৈত্রী অত্যন্ত শক্তিশালী এবং এই বন্ধুতা ইইউর গতিশীলতায় বড় ভূমিকা রাখছে। বিশ্বায়নের কালে চ্যালেঞ্জগুলো প্রতিদিন জটিল থেকে জটিলতর হচ্ছে। অনেক ক্ষেত্রে তা আন্তর্জাতিক হয়ে উঠছে। এসব চ্যালেঞ্জের একটি জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা। ডিসেম্বরে প্যারিসে অনুষ্ঠেয় জলবায়ু শীর্ষ সম্মেলনে একটি উচ্চাভিলাষী, সমন্বিত ও আইনি বাধ্যতামূলক চুক্তির জন্য দর-কষাকষির মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রদায় ঐক্যবদ্ধ হতে পারলেই এ চ্যালেঞ্জ মোকাবিলা সম্ভব।
আরও পড়ুন