ওয়ারীর ‘মুন্না’ হত্যায় আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি

একই দিনে ঢাকার ওয়ারী, বকশিবাজার, লালবাগ ও মগবাজারে ছুরিকাঘাতের চার ঘটনায় নিহত হন দুজন, গুরুতর আহত হন আরও দুজন। এর মধ্যে ওয়ারীতে মুন্না (১৭) হত্যার ঘটনায় আসামিদের গ্রেপ্তারের কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ।

জানা গেছে, রোববার মুন্না ও তার ভাই শাহীন দুজনে বেড়াতে বেরিয়েছিলেন। বনগ্রাম এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্ত দুই ভাইয়ের ওপর চড়াও হয়। গুরুতর আহত অবস্থায় দুজনকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রোববার সন্ধ্যা ৬টার দিকে মুন্নাকে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

তবে বকশি বাজারে পুলিশ বক্সের কাছে ‘নয়ন’ হত্যার তদন্তে সোমবার রাত পর্যন্ত কোনো অগ্রগতির খবর দিতে পারেনি পুলিশ। অজ্ঞাতনামা হত্যাকারীদের আসামি করে নয়নের বোন ময়না বেগম রাতেই চকবাজার থানায় হত্যা মামলা দায়ের করেন। চকবাজার থানার উপপরিদর্শক নুরুদ্দীন প্রথম আলোকে বলেন, রোববার নয়ন বিডিআর সেকশন এলাকায় যাচ্ছিলেন। এ সময় হঠাৎ করে ১৫-২০ জন তরুণ আসেন। তাঁকে ছুরিকাঘাত করে দ্রুত এলাকা ছাড়েন। ওই সময় নয়নের সঙ্গে তাঁর এক বন্ধু ছিলেন।

এক প্রশ্নের জবাবে নুরুদ্দীন বলেন, নয়নের দাফন-কাফন নিয়ে পরিবার ব্যস্ত। তিনি মামলার বাদীর সঙ্গে কথা বলতে পারেননি। ফলে কারও সঙ্গে দ্বন্দ্বের জেরে নয়ন নিহত হয়েছেন কি না তা বলতে পারছেন না তিনি। জানা গেছে নয়ন বংশালে মোটরসাইকেল মেরামতের একটি দোকানে কাজ করতেন। তাঁর গ্রামের বাড়ি নোয়াখালী জেলায়। কসাইটুলি পিঠাঘর এলাকায় তিনি তাঁর বোন ময়নার সঙ্গে থাকতেন।

গুরুতর আহত দুই

রোববার ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন দুজন। তাঁদের একজন মিজানুর রহমান ওরফে ডন। তিনি আওয়ামী লীগের হলি ফ্যামিলি মেডিকেল কলেজ ও হাসপাতাল ইউনিটের সাবেক সাধারণ সম্পাদক। পরিবাগ বিটিসিএল ভবনের সামনে টাকা-পয়সা লেনদেন নিয়ে বিরোধের জেরে তিনি আহত হন বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ। ওই ঘটনায় তিনজন আটক আছে।

তবে, রমনা থানার উপপরিদর্শক নারায়ণ সরকার বলেছেন মিজানুরকে ছুরি মারার ঘটনায় কোনো মামলা হয়নি। রোববার রাতেই গুরুতর আহত মিজানুরের জরুরি অস্ত্রোপচার করা হয়।

একইদিন দুপুরে লালবাগ কেল্লার সামনে ক্যামেরা ছিনতাইয়ের চেষ্টা প্রতিহত করতে গিয়ে আহত হন বাপ্পি নামে এক তরুণ। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। বাপ্পিদের বাড়ি শরীয়তপুরের জাজিরা সৈয়লকান্দি গ্রামে। তিনি শহীদনগরে চাচার বাসায় বেড়াতে এসেছিলেন। লালবাগ থানার উপপরিদর্শক রমজান আলী প্রথম আলোকে জানান, এই ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।