ঢাকায় এখনো ছুটির আমেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের পর রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ। তবে এখনো পুরোদমে জমে ওঠেনি ঢাকা। অফিস বা আদালতপাড়ায় মানুষের সমাগম সেভাবে বাড়েনি। ফিরতে শুরু করেনি কর্মজীবী নিম্ন আয়ের মানুষও। সব মিলে রাজধানীর পুরোনো রূপে ফিরে যেতে আরও কিছুদিন সময় লাগবে বলে জানালেন সংশ্লিষ্টরা।

আজ রোববার সকালে রাজধানীর গাবতলী এলাকায় গিয়ে গণপরিবহনের সংখ্যা কম দেখা গেছে। যে কয়টি গণপরিবহন রয়েছে, তাতে যাত্রীদের সংখ্যাও কম। জানতে চাইলে কয়েকজন চালক বলেন, নগরে চলে এমন বেশ কিছু গণপরিবহন ঢাকার বাইরে গেছে। নিম্ন আয়ের মানুষেরাই সেসব গণপরিবহনে গেছে। এ জন্যই এমন অবস্থা।

বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী আহাম্মেদ জানালেন, তিনি আজ রাস্তা অনেকটাই ফাঁকা পেয়েছেন। সিলেটের বাস থেকে নেমে সায়েদাবাদ থেকে কারওয়ান বাজারে এসেছেন মাত্র ২০ মিনিটে। অন্য সময় এটুকু আসতে ঘণ্টা পেরিয়ে যায়।

সচিবালয়েও কিছুটা ছুটির আমেজ। কর্মকর্তা-কর্মচারীরা অনেকে এসেছেন। কেউ কেউ ছুটিতে আছেন। কয়েকজন কর্মকর্তা জানালেন, সব মিলে কর্মব্যস্ত হতে আরও কিছুদিন সময় লাগবে।

রাজধানীর গ্রিন রোডে অন্য সময় রোববারে প্রচণ্ড যানজট থাকে। আজকে অনেকটাই ফাঁকা দেখা গেছে। রিকশাচালকেরা জানালেন, এই সড়কে রিকশার জন্য যানজট লেগেই থাকে। কিন্তু অনেক রিকশাচালক ঈদের ছুটিতে বাড়িতে গেছেন। এখনো ফেরেননি। তাই রিকশার সংখ্যাও কম।

সদাব্যস্ত ফার্মগেটের চেহারাও অন্য রকম। অন্য সময় বিভিন্ন গন্তব্যের বাসের সংখ্যা বেশি থাকে। তবে বাস ও যাত্রী দুইই কম ছিল।

গণপরিবহন কম থাকায় ভাড়া তুলনামূলক কিছুটা বেশি ছিল। সকালে মিরপুর-মতিঝিল রুটে চলাচলকারী ভিশন পরিবহনের একটি বাসে কল্যাণপুর থেকে ফার্মগেট পর্যন্ত ১৫ টাকা ভাড়া নেওয়া হয়। অন্য সময় এই বাসে ১০ থেকে ১২ টাকার বেশি ভাড়া হয় না বলে যাত্রীরা জানালেন। সিএনজিচালিত অটোরিকশার ভাড়াও চালকেরা বেশি হাঁকাচ্ছেন।

গ্রিন রোডের এক যাত্রী অভিযোগ করলেন, অন্যসময় গাবতলী থেকে গ্রিন রোডের ভাড়া এক থেকে দেড় শ টাকা। এখন চালকেরা চাচ্ছেন ৩০০ টাকা। কম ভাড়াতে যেতে রাজি হচ্ছেন না। আবার মিটারেও কেউ যেতে রাজি নন।