ঢাকায় এখনো ছুটির আমেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের পর রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ। তবে এখনো শহরের স্বাভাবিক কর্মচাঞ্চল্য ফিরে আসেনি। অফিস বা আদালতপাড়ায় মানুষের সমাগম তেমন বাড়েনি। গ্রামে যাওয়া কর্মজীবী নিম্ন আয়ের লোকেরাও ফিরতে শুরু করেনি। ফলে রাজধানীর জীবনযাত্রা কর্মমুখর হয়ে উঠতে আরও কিছুদিন সময় লাগবে বলে জানালেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

গতকাল রোববার সকালে গাবতলী এলাকায় গিয়ে গণপরিবহনের সংখ্যা কম দেখা গেছে। যে কয়টি বাস দেখা গেছে তাতে যাত্রীর সংখ্যাও ছিল কম। জানতে চাইলে কয়েকজন চালক বলেন, নগরে চলে এমন বেশ কিছু বাস ঢাকার বাইরে গেছে। নিম্ন আয়ের লোকেরা এসব বাস ভাড়া নিয়ে ঈদের ছুটিতে গ্রামে গেছেন। এ জন্যই এমন অবস্থা।

বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী আহাম্মেদ জানালেন, তিনি রাস্তা অনেকটাই ফাঁকা পেয়েছেন। সিলেটের বাস থেকে নেমে সায়েদাবাদ থেকে কারওয়ান বাজারে এসেছেন মাত্র ২০ মিনিটে। অন্য সময় এটুকু আসতে এক ঘণ্টা পেরিয়ে যায়।

সচিবালয়েও কিছুটা ছুটির আমেজ। কর্মকর্তা-কর্মচারীরা অনেকে এসেছেন। কেউ কেউ ছুটিতে আছেন। কয়েকজন কর্মকর্তা জানালেন, পুরোপুরি কর্মব্যস্ত পরিবেশ ফিরে আসতে আরও কিছুদিন সময় লাগবে।

রাজধানীর গ্রিন রোডে অন্য সময় রোববারে প্রচণ্ড যানজট থাকে। তবে গতকাল অনেকটাই ফাঁকা দেখা গেছে। রিকশাচালকেরা জানালেন, এই সড়কে রিকশার জন্য যানজট লেগেই থাকে। কিন্তু অনেক রিকশাচালক ঈদের ছুটিতে বাড়িতে গেছেন। এখনো ফেরেননি। তাই রিকশার সংখ্যাও কম।

 সদাব্যস্ত ফার্মগেটের চেহারাও অন্য রকম। অন্য সময় বিভিন্ন গন্তব্যের বাসের সংখ্যা বেশি থাকে। তবে গতকাল বাস ও যাত্রী দুই-ই কম ছিল।

গণপরিবহন কম থাকায় ভাড়া তুলনামূলক কিছুটা বেশি ছিল। গতকাল সকালে মিরপুর-মতিঝিল রুটে চলাচলকারী ভিশন পরিবহনের একটি বাসে কল্যাণপুর থেকে ফার্মগেট পর্যন্ত ১৫ টাকা ভাড়া নেওয়া হয়। অন্য সময় এই বাসে ১০ থেকে ১২ টাকার বেশি ভাড়া হয় না বলে যাত্রীরা জানালেন। সিএনজিচালিত অটোরিকশার ভাড়াও চালকেরা বেশি হাঁকাচ্ছেন। গ্রিন রোডের এক যাত্রী অভিযোগ করলেন, অন্য সময় গাবতলী থেকে গ্রিন রোডের ভাড়া এক থেকে দেড় শ টাকা। এখন চালকেরা চাইছেন ৩০০ টাকা। কম ভাড়ায় যেতে রাজি হচ্ছেন না। আবার মিটারেও কেউ যেতে রাজি নন।