ঢাকায় এনে তাজা সবজি বিক্রি করবেন কৃষকেরাই
সরাসরি কৃষকদের অংশগ্রহণে রাজধানীতে বসবে সাপ্তাহিক কৃষক বাজার। এখানে খেতের তাজা সবজি সরাসরি বিক্রি করবেন কৃষকেরা। আগামী ১৮ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত সপ্তাহের প্রতি শুক্র ও শনি দুই দিন এই কৃষক বাজার চলবে।
শহরের প্রধান চারটি এলাকায় প্রতি শুক্র ও শনিবার প্রায় ১০ হাজার মানুষের কাছে তাজা সবজি পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে বসবে এই কৃষক বাজার। প্রথম বাজার হবে মতিঝিলের এজিবি কলোনির মাঠে ১৮ ও ১৯ নভেম্বর। এরপর ২৫ ও ২৬ নভেম্বর বসবে ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউটে। ডিসেম্বরের ২ ও ৩ তারিখে বনানী খেলার মাঠে এবং ৯ ও ১০ তারিখে উত্তরার ফ্রেঞ্চ ক্লাবের মাঠে এই বাজার বসবে।
গতকাল রোববার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই মেলা আয়োজনের কথা জানানো হয়। ফ্রেশ মার্টের উদ্যোগে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক দাতা সংস্থা ইউএসএআইডির ডাই নামে একটি প্রকল্পের অর্থায়নে দ্য ইনোভেশন অ্যান্ড ইনকিউভেশন সেন্টার ফর এন্টারপ্রাইজ (আইআইসিই) এই কৃষক বাজারের আয়োজন করেছে। দেশের দক্ষিণাঞ্চলের কৃষকদের সহায়তা করতে এই আয়োজন বলে আয়োজকেরা জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এই কৃষক বাজারের অন্যতম লক্ষ্য হচ্ছে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের কৃষকদের উৎপাদিত শাকসবজি শহরের গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া। শহরের বাজারে ভালো শাকসবজির অভাব রয়েছে এমন ধারণা থেকেই ফ্রেশ মার্ট এই উদ্যোগ নিয়েছে।
আয়োজক সংস্থা মনে করছে, কৃষকেরা মাঠের তাজা সবজি সরাসরি বিক্রি করতে পারবেন। এর মাধ্যমে তাঁরা মধ্যস্থতাকারীদের কাছ থেকে বের হয়ে আসতে পারবেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আইআইসিইর সভাপতি রিয়াজ উদ্দিন, বাংলাদেশ অর্গানিক প্রোডাক্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আবদুস সালাম, ইউএসএআইডি, এভিসির ডেপুটি টিম লিডার শোয়েব ইফতেখার।
আইআইসিইর ওয়েবসাইটে (http://www.freshmart-fair.com/) মেলা সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যাবে। তাজা সবজি ও ফল কিনতে চাইলে মেলা শেষেও ওয়েবসাইটের মাধ্যমে যোগাযোগ করা যাবে। এ ছাড়া ফেসবুকেও (https://www.facebook.com/Freshmartfair/) বিস্তারিত তথ্য পাওয়া যাবে।