ঢাকায় এরশাদের আসনে প্রতিদ্বন্দ্বী বিএনএফ-প্রধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নানা বিতর্কের পর দুই সপ্তাহ আগে নির্বাচন কমিশনের নিবন্ধন পায় নতুন রাজনৈতিক দল বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ)। তখন দলটির প্রধান ঘোষণা দেন, ৩০০ আসনে তাঁদের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। কিন্তু মাত্র ৩৩টি আসনে দলটির প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে নির্বাচন কমিশন সচিবালয় থেকে জানা গেছে।

অবশ্য গতকাল মঙ্গলবার বিএনএফের প্রধান সমন্বয়কারী আবুল কালাম আজাদ প্রথম আলোর কাছে দাবি করেন, তাঁর দল থেকে ২৫২ জনকে মনোনয়ন দেওয়া হয়েছিল। কিন্তু বিরোধী দলের অবরোধ কর্মসূচির কারণে বিএনএফের প্রার্থীরা সময়মতো এলাকায় পৌঁছাতে পারেননি। যে কারণে অনেকেই মনোনয়নপত্র জমা দিতে পারেননি।
কমিশন সচিবালয় সূত্র জানায়, আবুল কালাম আজাদ ঢাকা-১৭ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ আসনে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ

এরশাদও মনোনয়নপত্র জমা দিয়েছেন। এখানে আওয়ামী লীগ কোনো প্রার্থী দেয়নি। এরশাদের গতকালের ঘোষণা অনুযায়ী শেষ পর্যন্ত জাতীয় পার্টির নির্বাচন থেকে সরে দাঁড়ালে এই আসনের অবশিষ্ট প্রার্থী কারা থাকবেন, সেটা খোঁজখবর করার জন্য আবুল কালাম আজাদ গতকাল নির্বাচন কমিশন সচিবালয়ে যান।

বর্তমান সরকারের আমলে গড়ে ওঠা বিতর্কিত এই দলটি নিবন্ধন শর্ত পূরণে ব্যর্থ হলেও নির্বাচন কমিশন তিন দফা সুযোগ দিয়ে গত ১৮ নভেম্বর বিএনএফকে নিবন্ধিত করে। দলটি শুরুতে প্রচার করেছিল, তারা প্রতীক হিসেবে ধানের শীষ চাইবে। এ নিয়ে সমালোচনা শুরুর পর তারা ধানের শীষের আদলে গমের শীষ প্রতীকের কথা বলে। কিন্তু শেষ পর্যন্ত নির্বাচন কমিশন তাদের ‘টেলিভিশন’ প্রতীক বরাদ্দ দেয়।

বিএনএফকে নিবন্ধন না দিতে গত ১১ জুলাই বিএনপির পক্ষ থেকে নির্বাচন কমিশনকে অনুরোধ জানানো হয়। বিএনপির অভিযোগ ছিল, বিএনপিকে ভাঙার লক্ষ্যে সরকার গোয়েন্দা সংস্থার সহযোগিতায় বিএনএফ নামের একটি দলকে দাঁড় করানোর চেষ্টা করছে। মানুষকে বিভ্রান্ত করতে বিএনএফের পোস্টারে বিএনপির প্রতীক, জিয়াউর রহমানের ছবি ও তাঁর ১৯ দফা ব্যবহার করা হচ্ছে।