ঢাকায় এলেন স্টিফেন জে র্যাপ
যুদ্ধাপরাধবিষয়ক বিশেষ মার্কিন দূত স্টিফেন জে র্যাপ আজ সোমবার বেলা দেড়টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসে পৌঁছেছেন। তিনি ট্রাইব্যুনালের বিচারক ও কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।
এর আগে আজ বেলা ১১টা থেকে একটা পর্যন্ত তিনি ধানমন্ডিতে মানবতাবিরোধী অপরাধ সংস্থার তদন্ত কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বিকেল চারটার সময় ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের কৌঁসুলিদের সঙ্গে তাঁর বৈঠকের সূচি নির্ধারিত রয়েছে।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, পঞ্চমবারের মতো ঢাকা সফরের সময় স্টিফেন র্যাপ আইন ও বিচারমন্ত্রী আনিসুল হক, পররাষ্ট্রসচিব শহীদুল হক এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কৌঁসুলিদের সঙ্গে মানবতাবিরোধী বিচারপ্রক্রিয়ার সর্বশেষ পরিস্থিতি নিয়ে কথা বলবেন।
ঈদের ছুটি শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল খোলার এক দিন পর ঢাকায় পা রাখলেন স্টিফেন জে র্যাপ। দুটি ট্রাইব্যুনালে বিচারিক প্রক্রিয়া শেষে জামায়াতে ইসলামীর নেতা মতিউর রহমান নিজামী ও মীর কাসেম আলীসহ চারজনের রায় এবং সুপ্রিম কোর্টের আপিল বিভাগে দেলাওয়ার হোসাইন সাঈদীর রায় ঘোষণার অপেক্ষায় রয়েছে।
প্রসঙ্গত, গত চারবারের ঢাকা সফরের সময় প্রতিবারই একাত্তরের মানবতাবিরোধী বিচারের ব্যাপারে মার্কিন সরকারের সমর্থন পুনর্ব্যক্ত করেন স্টিফেন জে র্যাপ। তবে মানবতাবিরোধী অপরাধের বিচারে আন্তর্জাতিক মান নিশ্চিত করতে পদ্ধতিগত ত্রুটির বিষয়গুলোও খোলামেলাভাবে জানিয়েছেন মার্কিন এই বিশেষ দূত। স্টিফেন র্যাপের মতে, আন্তর্জাতিক আইন অনুসরণ না করা, ’৭৩-এর আইন সংশোধন না করা, সাক্ষী হাজিরের ক্ষেত্রে উভয় পক্ষের সমান সুযোগ না থাকা এবং মামলা প্রমাণের দায়িত্ব কোনো কোনো ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তির ওপর চাপিয়ে দেওয়ার বিষয়ে উদ্বেগ রয়েছে।