ঢাকায় এসে নিখোঁজ ভোলার ব্যবসায়ী
ভোলার একজন ব্যবসায়ী গত সোমবার ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার পর থেকে নিখোঁজ রয়েছেন৷ তাঁর কোনো সন্ধান না পেয়ে বুধবার পরিবারের পক্ষ থেকে ভোলা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে৷
নিখোঁজ এই ব্যবসায়ী হলেন ভোলার সদর রোডের তালুকদার মার্কেটের বৈশাখী শু স্টোরের মালিক মো. শাহরিয়ার৷ তিনি কালীবাড়ী রোডের অলিউল্যা মিয়ার ছেলে৷ শাহরিয়ারের পরিবারের ধারণা, তাঁকে গুম বা অপহরণ করা হয়েছে৷
ব্যবসায়ী শাহরিয়ারের বড় ভাই ইকবালের ভাষ্যমতে, নিজ ব্যবসাপ্রতিষ্ঠানের মালামাল কিনতে তাঁর ছোট ভাই ঢাকায় যেতে গত সোমবার (১৯ মে) রাতে ভোলা থেকে লঞ্চে ওঠেন৷ মঙ্গলবার ঢাকায় লঞ্চটি পেঁৗছানো পর্যন্ত তাঁকে দেখা গেছে বলে জানা যায়৷ এর পর থেকে তাঁর মুঠোফোন বন্ধ রয়েছে৷ তাঁর সঙ্গে লক্ষাধিক টাকা, দুটি মুঠোফোন ও কিছু স্বর্ণালংকার ছিল৷
ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবাশ্বের আলী বলেন, নিখোঁজ ব্যবসায়ীকে খুঁজে বের করার সব ধরনের চেষ্টাই চলেছে৷