ঢাকায় এসে নিখোঁজ যুবদল নেতার লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভার থেকে ঢাকায় আসার পর নিখোঁজ হওয়া নাটোরের যুবদল নেতা জিয়াউল হক ওরফে সেন্টুর (৩৮) লাশ গত বৃহস্পতিবার গভীর রাতে রাজধানীর হাতিরঝিলসংলগ্ন এলাকা থেকে উদ্ধার করা হয়েছে৷
পুলিশ বলছে, বৃহস্পতিবার রাত দুইটার দিকে জিয়াউলকে মাইক্রোবাসযোগে দুর্বৃত্তরা হাতিরঝিল এলাকায় এনে এলোপাতাড়ি কুপিয়ে ও গাড়িচাপা দিয়ে হত্যা করে৷ রমনা থানার উপপরিদর্শক (এসআই) আতিকুর রহমান বলেন, লাশ উদ্ধারের পর জাতীয় পরিচয়পত্র দেখে ওই ব্যক্তির নাম-ঠিকানা জানা যায়। পরে তাঁর পরিবারে খবর দেওয়া হয়। নিহত জিয়াউলের শরীরে আঘাতের অসংখ্য চিহ্ন ছিল৷ কোমর থেঁতলানো৷
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল শুক্রবার এক বিবৃতিতে বলেন, নিহত জিয়াউল নাটোরের বড়াইগ্রাম থানা যুবদলের জ্যেষ্ঠ সহসভাপতি৷ তাঁকে অপহরণের পর হত্যা করা হয়েছে৷ এ ঘটনায় তিনি গভীর উদ্বেগ প্রকাশ এবং হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন৷
স্থানীয় লোকজনের বরাত দিয়ে রমনা থানার পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত দুইটার দিকে হাতিরঝিলসংলগ্ন চল্লিশ ঘর বস্তির সামনে আমবাগানে কয়েকজন যুবক মাইক্রোবাস থেকে এক ব্যক্তিকে নামায়। এরপর তাঁকে তারা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। ঘটনার সময় পাশেই কয়েকজন শ্রমিক কাজ করছিলেন। তাঁরা ঘটনা দেখে দ্রুত এগিয়ে এলে যুবকেরা মাইক্রোবাসে উঠে পালানোর চেষ্টা করে। ততক্ষণে গুরুতর আহত হয়ে সড়কে পড়ে ছিলেন ওই ব্যক্তি। শ্রমিকেরা দৌড়ে এসে মাইক্রোবাসটি আটকানোর চেষ্টা করেন এবং হাতের বেলচা দিয়ে এতে আঘাত করেন৷ এতে গাড়ির সামনের কাচ ভেঙে যায়। কিন্তু যুবকেরা পড়ে থাকা ব্যক্তির গায়ের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দ্রুত পালিয়ে যায়।
যোগাযোগ করা হলে জিয়াউলের বড় ভাই নাদির হোসেন প্রথম আলোকে বলেন, তাঁদের গ্রামের বাড়ি নাটোরের বড়াইগ্রামে। জিয়াউল বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। রাজনৈতিক কারণে পাঁচ বছর ধরে তিনি এলাকায় তেমন যেতে পারতেন না। কয়েক বছর ধরে তিনি সাভার এলাকায় থেকে জমি বেচাকেনার ব্যবসা শুরু করেন৷ জিয়াউলের স্ত্রী-সন্তান থাকে নাটোরের গুরুদাসপুরে বাবার বাড়িতে।
জিয়াউলের শ্বশুর খন্দকার আবুল হাশেম প্রথম আলোকে বলেন, সম্প্রতি আশুলিয়ার জিরাব এলাকায় ১৫ শতাংশ জমি কেনার ব্যাপারে শাহ আলম নামের এক ব্যক্তির সঙ্গে কথাবার্তা বলছিলেন জিয়াউল। জমি কেনার কাজে গত বুধবার তিনি সাভার থেকে ঢাকায় আসেন। বৃহস্পতিবার দুপুরে ফোন করলে জিয়াউল জানান, তিনি ঢাকায় আছেন। রাত ১০টার দিকে আবার ফোন করা হলে কেউ ধরেননি৷ রাত ১২টার দিকে ফোন বন্ধ পাওয়া যায়।
রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মারুফ হোসেন প্রথম আলোকে বলেন, ঘটনার কারণ সম্পর্কে এখন কিছু বলা যাচ্ছে না৷ তবে এটি পরিকল্পিত হত্যা৷ তদন্ত চলছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। থানায় হত্যা মামলার প্রক্রিয়া চলছে।