ঢাকায় এসে বাউফলের তরুণ নিখোঁজ
ঢাকার নর্থ সাউথ ইউনিভার্সিটির সাবেক ছাত্র নাজমুস সাকিব (২৬) পাঁচ দিন ধরে নিখোঁজ রয়েছেন। তাঁর বাবার নাম আবদুল আলিম। পটুয়াখালীর বাউফল পৌরসভার চার নম্বর ওয়ার্ডের মুসলিমপাড়া এলাকায় তাঁদের বাড়ি। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে সাকিব সবার ছোট।
সাকিব নিখোঁজ হওয়ার পর গতকাল শনিবার বিভ্রান্তিকর তথ্য দিয়ে ফোন ও সাকিবের ফেসবুক পেজে লেখা দেওয়াকে কেন্দ্র করে তাঁর স্বজনেরা হতাশ হয়ে পড়েছেন।
সাকিবের বোন কলেজশিক্ষক ফিওনা শায়লা বলেন, ‘সাকিবের ফেসবুক পেজ থাকলেও সক্রিয় ছিল না। গতকাল ওই পেজে বিভিন্ন লেখা দেখতে পেয়ে পরিবারের সবাই মানসিকভাবে ভেঙে পড়েছি।’
তাঁর মা সেলিনা বেগম বলেন, সাকিব ঢাকার বসুন্ধরা এলাকার একটি ভাড়া বাসায় থেকে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেন। ২০১৪ সালে বিশ্ববিদ্যালয় থেকে পাস করার পর তিনি বরিশাল শহরে বড় বোনের বাসায় থাকতেন। গত সোমবার রাতে সাকিব ঢাকার বসুন্ধরা এলাকার ওই বাসায় বেড়াতে যাওয়ার উদ্দেশে বরিশাল থেকে পারাবত-১২ নামের একটি দোতলা লঞ্চে ওঠেন। ওই রাতে সাকিবের সঙ্গে মুঠোফোনে তাঁর মায়ের একাধিকবার কথা হয়েছে। পরের দিন মঙ্গলবার সকাল সাড়ে ছয়টায় সাকিবের সঙ্গে তাঁর মায়ের কথা হয়। তখন সাকিব লঞ্চ থেকে ঢাকার সদরঘাটে নামছিলেন। এরপর থেকে তাঁর মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। এ ঘটনায় সাকিবের মা বাদী হয়ে বরিশাল কোতোয়ালি থানায় গত শুক্রবার রাতে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. আওলাদ হোসেন বলেন, সাকিবকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।