ঢাকায় এসেছেন ভারতের নতুন হাইকমিশনার

বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা গতকাল বৃহস্পতিবার দুপুরে ঢাকায় এসেছেন। তিনি ঢাকায় ভারতের ১৫তম হাইকমিশনার হিসেবে পঙ্কজ সরনের স্থলাভিষিক্ত হচ্ছেন।
বেলা একটার দিকে হর্ষ বর্ধন শ্রিংলা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বিমানবন্দরের ভিআইপি টার্মিনালের বাইরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দুই দেশের নেতৃত্ব ব্যাপক ও সুদূরপ্রসারী যেসব সিদ্ধান্ত নিয়েছেন, তা দ্রুত বাস্তবায়নে অগ্রাধিকার দেব। এটাই হবে প্রথম কাজ।’
হর্ষ বর্ধন শ্রিংলা শুরুতে বাংলায় বলেন, ‘দুই প্রতিবেশী দেশের সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাওয়া আমার গুরুদায়িত্ব। ভারতের হাইকমিশনার হিসেবে আপনাদের কাছে আসতে পেরে আজ আমি খুব খুশি। আশা করি, আপনাদের এই সুন্দর দেশে আমি আমার সময় খুব সুন্দরভাবে কাটাতে পারব। আপনাদের সহযোগিতা আমার একান্ত কাম্য।’
ভারতের নতুন হাইকমিশনার বলেন, তিনি ও তাঁর পরিবারের সদস্যরা বাংলাদেশে আসতে পেরে অত্যন্ত আনন্দিত। দিল্লিতে দায়িত্ব পালনকালে তিনি অনেকবার ঢাকায় এসেছেন। তবে এবার বাংলাদেশে আসার অভিজ্ঞতাটা আলাদা। তিনি বলেন, ‘ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেশীদের মধ্যে অন্যতম বাংলাদেশ। তাই এখানে দায়িত্ব নিতে পেরে আমি বেশ খুশি। দুই দেশের সম্পর্ককে আরও গভীর ও শক্তিশালী করা আমার দায়িত্ব। আর এ দায়িত্ব পূরণের চেষ্টা করব।’
বিকেলে হর্ষ বর্ধন শ্রিংলা পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রাচার-প্রধান আসাদ আলম সিয়াম ও দক্ষিণ এশিয়া অনু বিভাগের মহাপরিচালক তারেক মো. আরিফুল ইসলামের সঙ্গে দেখা করেন। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে পরিচয়পত্র পেশ করার পর আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করবেন হর্ষ বর্ধন শ্রিংলা।