ঢাকায় কমনওয়েলথ টেলিযোগাযোগ সংস্থার তিন দিনের সম্মেলন শুরু
অর্থনৈতিক প্রবৃদ্ধির মাধ্যমে জাতীয় উন্নয়নে তথ্যপ্রযুক্তিকে কাজে লাগানোর বিষয়ে কমনওয়েলথভুক্ত দেশগুলো মনোযোগী। কিন্তু দরিদ্র ও প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নে তথ্যপ্রযুক্তিকে কাজে লাগানোর বিষয়টি অনেকটাই দৃষ্টির আড়ালে রয়ে গেছে। তথ্যপ্রযুক্তির ক্ষেত্রে এ বৈষম্য দূর করা দেশগুলোর নৈতিক দায়িত্ব। গতকাল সোমবার রাজধানীর র্যাডিসন হোটেলে কমনওয়েলথ টেলিযোগাযোগ সংস্থার (সিটিও) তিন দিনব্যাপী ৫৪তম কাউন্সিল সভা ও বার্ষিক ফোরামে বক্তারা এসব কথা বলেন।
সিটিও বার্ষিক ফোরাম কমনওয়েলথভুক্ত দেশগুলোর টেলিযোগাযোগ খাতের নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান, অপারেটর এবং তথ্যপ্রযুক্তি খাতের সঙ্গে যুক্ত সবার জন্য একটি গুরুত্বপূর্ণ সংস্থা। এবারের সম্মেলনে কমনওয়েলথভুক্ত ৫১টি দেশের মধ্যে ২১টি এবং বিশ্বের অন্যান্য দেশের সরকারি ও বেসরকারি সংস্থার প্রায় ৩০০ প্রতিনিধি অংশ নিচ্ছেন। সম্মেলনের আয়োজন করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
সকালে প্রধান অতিথি হিসেবে ফোরামের উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী। প্রযুক্তিক্ষেত্রে সুযোগ সমবণ্টনের আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘আমরা আশা করি, অন্তত প্রযুক্তিক্ষেত্রে সিটিও সব সুযোগ-সুবিধা সমান হারে সদস্যরাষ্ট্রগুলোর কাছে বিতরণ করবে।’
তথ্যপ্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ সম্ভাবনাময় এ খাতের মাধ্যমে কমনওয়েলথভুক্ত দেশগুলোকে এগিয়ে নিতে সবাইকে একযোগে কাজ করার ওপর গুরুত্ব দেন।
সিটিও ফোরামের সাধারণ সম্পাদক টিম আনউইন বলেন, এ আলোচনা দেশগুলোর মধ্যে আন্তসম্পর্ক বাড়ানোর পাশাপাশি টেলিযোগাযোগ খাতকে এগিয়ে নেবে।
বিটিআরসির চেয়ারম্যান সুনীল কান্তি বোস বলেন, ৫ শতাংশ ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারকারীসহ এখন দেশের তিন কোটি ৮০ লাখ মানুষ ইন্টারনেট ব্যবহার করে। তবে ২০২১ সালে দেশের ৬০ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করবে, যার ৩০ শতাংশ হবে ব্রডব্যান্ড ইন্টারনেট।
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু তথ্যপ্রযুক্তির মাধ্যমে নারী ও তরুণদের ক্ষমতায়নের দিকে নজর দেওয়ার পরামর্শ দেন। মানুষের প্রয়োজনের কথা মাথায় রেখে কনটেন্ট তৈরির ওপর গুরুত্ব দেন। আজ সম্মেলনের দ্বিতীয় দিনে চারটি কর্ম অধিবেশনে ভবিষ্যতের মোবাইল প্রযুক্তি, এম কমার্স, ক্লাউড কম্পিউটিং, বিগ ডাটা অ্যানালাইসিস নিয়ে আলোচনা হবে।