ঢাকায় কম্পিউটার সিটির বার্ষিক মেলা শুরু
রাজধানীর আইডিবি ভবনে গতকাল বৃহস্পতিবার শুরু হয়েছে দেশের সবচেয়ে বড় কম্পিউটার বাজার বিসিএস কম্পিউটার সিটির বার্ষিক মেলা ‘সিটি আইটি ২০১১’। ‘ডিজিটাল লাইফ, বেটার লাইফ’ স্লোগান সামনে রেখে আয়োজিত ১০ দিনের এই মেলা শেষ হবে ২২ জানুয়ারি।গতকাল সকালে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর সংস্থাপন ও প্রশাসনবিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম। এ সময় তিনি বলেন, ‘আমাদের স্বপ্ন ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত একটি জাতি গঠন। এই স্বপ্ন বাস্তবায়নে দরকার বিজ্ঞান ও প্রযুক্তির সমৃদ্ধি। সরকার জনগণের কাছে স্বল্প সময়ে ও স্বল্প ব্যয়ে সেবা পৌঁছে দেওয়ার জন্য বিভিন্ন ধরনের কার্যক্রম হাতে নিয়েছে। তবে দেশকে এগিয়ে নিতে দরকার দূরদৃষ্টিসম্পন্ন তরুণ প্রজন্ম।’অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। তিনি বলেন, ‘পড়াশোনা ও গবেষণার মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের ভাগ্যের পরিবর্তন করা, মানুষের উন্নয়ন করা। এই কম্পিউটার মেলার উদ্দেশ্যও তাই।’অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) সভাপতি মোস্তাফা জব্বার, এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান আফতাব-উল-ইসলাম, বাংলালায়ন কমিউনিকেশন লিমিটেডের চেয়ারম্যান মেজর (অব.) আবদুল মান্নান প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিএস কম্পিউটার সিটির সভাপতি এ টি শফিক উদ্দিন আহমেদ। ধন্যবাদ জ্ঞাপন করেন মেলার আহ্বায়ক এ এল মজহার ইমাম চৌধুরী।মেলা উদ্বোধনের পর বিসিএস কম্পিউটার সিটির সামনে সম্পূর্ণ প্রযুক্তি-যন্ত্রাংশ দিয়ে তৈরি মৃণাল হকের ভাস্কর্য ‘ডিজিটাল ডিজায়ার’ উদ্বোধন করা হয়। মেলায় তথ্যপ্রযুক্তির অতিপরিচিত ব্র্যান্ডের কম্পিউটার-সামগ্রী প্রদর্শনীসহ সুলভ মূল্যে বিক্রি করছে দেড় শতাধিক প্রতিষ্ঠান। এবারের মেলার বিশেষ সংযোজন ‘নলেজ ম্যানেজমেন্ট জোন’। এখানে তথ্যপ্রযুক্তির বিখ্যাত সব আবিষ্কার দর্শকদের সামনে উপস্থাপন করা হবে। দর্শনার্থীদের জন্য থাকছে বিনা মূল্যে ওয়াইম্যাক্স ইন্টারনেট ব্যবহারের সুযোগ। থাকছে শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা, গেমিং প্রতিযোগিতা, ডিজিটাল ফটোগ্রাফি প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, রক্তদান কর্মসূচিসহ নানা আয়োজন।প্রতিদিন প্রবেশ টিকিটের ওপর র্যাফল ড্রয়ের মাধ্যমে দেওয়া হবে আকর্ষণীয় পুরস্কার। মেলায় প্রবেশমূল্য ১০ টাকা। তবে বিদ্যালয়ের শিক্ষার্থী ও প্রতিবন্ধীদের প্রবেশমূল্য দিতে হবে না। মেলা চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত।