ঢাকায় কাল শুরু হচ্ছে বিজিবি-বিএসএফের ডিজি পর্যায়ের বৈঠক
সীমান্তে বিএসএফের হাতে নিরস্ত্র বাংলাদেশি হত্যা ও অবৈধ অনুপ্রবেশ বন্ধের পাশাপাশি সীমান্ত এলাকায় অপরাধমূলক তৎপরতা রোধ নিয়ে আলোচনায় বসছেন দুই প্রতিবেশী দেশের সীমান্তরক্ষীরা। বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মহাপরিচালক (ডিজি) পর্যায়ের চার দিনের এ বৈঠক কাল বুধবার ঢাকায় শুরু হচ্ছে। পিলখানায় বিজিবি সদর দপ্তরে অনুষ্ঠেয় এ বৈঠকে স্বাগতিক দলের ২৫ সদস্যের নেতৃত্ব দেবেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আনোয়ার হোসেন। আর ২২ সদস্যের ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন বিএসএফের মহাপরিচালক ইউ কে বানসাল। কূটনৈতিক সূত্রে জানা গেছে, গত কয়েক বছরের তুলনায় এখন সীমান্ত হত্যার সংখ্যা কমলেও তা পুরোপুরি বন্ধ হয়নি। তাই আগামীকাল শুরু হওয়া বৈঠকে সীমান্ত হত্যাকাণ্ড শূন্যের কোঠায় নামানোর কথা বলবে বাংলাদেশ। মানবাধিকার সংগঠন ‘অধিকার’-এর পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩১ আগস্ট পর্যন্ত বিএসএফ ২৩ জন বাংলাদেশিকে হত্যা করেছে। এর আগে ২০১১, ২০১০ ও ২০০৯ সালে এ সংখ্যা ছিল যথাক্রমে ৯৮, ৭৪ ও ৩১। বিজিবি গতকাল সোমবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এবারের বৈঠকে আলোচ্যসূচিতে সীমান্ত এলাকায় নিরস্ত্র বাংলাদেশিদের গুলি করা, হত্যা করা, আহত করা, অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশ ও বাংলাদেশি নাগরিকদের অপহরণ প্রসঙ্গ অন্তর্ভুক্ত রয়েছে। এ ছাড়া সীমান্তের অন্য প্রান্ত থেকে ফেনসিডিল, মদ, গাঁজাসহ বিভিন্ন ধরনের নেশাজাতীয় ও মাদকদ্রব্য বাংলাদেশে চোরাচালান বন্ধ, সীমান্ত রেখার দেড় শ গজের মধ্যে যেকোনো ধরনের সামরিক স্থাপনা নির্মাণ বন্ধ, সীমান্ত এলাকায় নিয়মিত উন্নয়ন ও মেরামত কাজ বাধাহীনভাবে শেষ করা, দুষ্কৃতকারী ও সন্ত্রাসীদের আশ্রয় ও তৎপরতা বন্ধে উদ্যোগ গ্রহণ এবং পারস্পরিক আস্থা বৃদ্ধির উপায় নিয়ে আলোচনা হবে।