ঢাকায় কিশোর-কিশোরী ও যুব সম্মেলন অনুষ্ঠিত

সাংসদ ও মহিলা ও শিশুবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারপারসন মেহের আফরোজ চুমকি অনুষ্ঠানে বক্তব্য রাখছেন। ছবি: ইউবিআর সৌজন্যে
সাংসদ ও মহিলা ও শিশুবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারপারসন মেহের আফরোজ চুমকি অনুষ্ঠানে বক্তব্য রাখছেন। ছবি: ইউবিআর সৌজন্যে

সমন্বিত যৌন ও প্রজননস্বাস্থ্য শিক্ষা এবং যুববান্ধব স্বাস্থ্যসেবা বিষয়ে সহায়ক পরিবেশ তৈরির উদ্যোগ হিসেবে রাজধানী ঢাকায় জাতীয়ভাবে অনুষ্ঠিত হলো কিশোর-কিশোরী ও যুব সম্মেলন।

ইউনাইট ফর বডি রাইটস (ইউবিআর) বাংলাদেশ অ্যালায়েন্স সম্প্রতি বাংলা একাডেমিতে এ সম্মেলনের আয়োজন করে। সম্মেলনে শুরুতেই ছিল র‍্যালি। বিভিন্ন ধরনের স্টল প্রদর্শনী ছিল প্রাঙ্গণজুড়ে।

সম্মেলনটি উদ্বোধন করেন সাংসদ ও মহিলা ও শিশুবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারপারসন মেহের আফরোজ চুমকি। এ ছাড়া উপস্থিত ছিলেন নেদারল্যান্ডস রাজকীয় দূতাবাসের রাষ্ট্রদূত হ্যারি ভারউইজ, ইউনিসেফের চিফ অব হেলথ মায়া ভেনডেনেন্ট আবুল হোসেন, মাল্টি সেক্টরাল প্রোগ্রাম অন জেন্ডার বেজড ভায়োলেন্স সারা হোসেন, ব্লাস্টের নির্বাহী পরিচালক কাজী সুরাইয়া সুলতানা প্রমুখ।

সম্মেলনে জানানো হয়, ইউবিআর প্রকল্প ২০১১ সাল থেকে বাংলাদেশে ১০-২৪ বছরের অবিবাহিত ও বিবাহিত কিশোর-কিশোরী ও যুবাদের মধ্যে সমন্বিত যৌন স্বাস্থ্যশিক্ষা এবং যুববান্ধব স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনার মাধ্যমে সরকার ও বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার সহায়তায় উপযুক্ত পরিবেশ তৈরিতে ভূমিকা রাখছে। এ পর্যায়ে ১২টি উপজেলায় কিশোর-যুবাদের প্রয়োজনীয় যৌন ও প্রজননস্বাস্থ্য শিক্ষা ও সেবাকেন্দ্র প্রতিষ্ঠা করতে ইউবিআর মডেলটি সারা দেশে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে এই সম্মেলনের আয়োজন। ইউবিআর দক্ষ ইয়ুথ লিডার তৈরি করেছে, যারা তাদের সমবয়সী কিশোর-কিশোরী ও যুবাদের যৌন ও প্রজননস্বাস্থ্য অধিকার রক্ষায় অ্যাডভোকেসি করছে। এই সেবাকে তাদের হাতের নাগালে নিয়ে যেতেই এই সম্মেলনের আয়োজন। ইউবিআরের কার্যক্রমটি ১২ উপজেলার ৩৬০টি শিক্ষাপ্রতিষ্ঠানে এবং কমিউনিটি পর্যায়েও বাস্তবায়িত হচ্ছে। তাদের সহায়তায় ইউবিআর ২ প্রকল্পের সময়কালীন প্রায় ৭ লাখ ২০ হাজার কিশোর ও যুবা জনগোষ্ঠীর মধ্যে যৌন ও প্রজননস্বাস্থ্য শিক্ষা ও যুববান্ধব স্বাস্থ্যসেবা প্রদান করা হয়েছে। ইউবিআরের মাঠ পর্যায়ের অভিজ্ঞতাগুলো বাংলাদেশ সরকারের প্রণীত ‘কৈশোরকালীন স্বাস্থ্যবিষয়ক জাতীয় কৌশলপত্র ২০১৭-৩০’ তৈরিতে বিবেচনা করা হয়েছে।

সাংসদ মেহের আফরোজ চুমকি অনুষ্ঠানের উদ্বোধন করে বলেন, সরকারি উদ্যোগে প্রতিটি উপজেলায় কিশোর-কিশোরী ক্লাব গঠন করা হচ্ছে। তিনি এসব ক্লাবে ইউবিআরের কিশোর-কিশোরীর অন্তর্ভুক্ত করার ব্যাপারে তাঁর প্রতিশ্রুতি ব্যক্ত করেন। সমাপনী অধিবেশনে নেদারল্যান্ডসের রাজকীয় দূতাবাসের রাষ্ট্রদূত হ্যারি ভারউইজ বলেন, যুবদের জন্য মানসম্মত শিক্ষা তাদের দক্ষতা বাড়ায়, যা শ্রমবাজারে তাদের চাহিদা সৃষ্টিতে ভূমিকা রাখে।