ঢাকায় কোন স্বার্থ বেছে নেবে আ.লীগ
>
- মহাজোটের হয়ে জাতীয় পার্টি এই আসনে নির্বাচন করুক, তা চান না আওয়ামী লীগের বেশির ভাগ নেতা-কর্মী।
- বিএনপিতে আলোচনায় তরুণ দুই প্রার্থী।
মহাজোটের স্বার্থ বড় নাকি দলীয় স্বার্থ বড়-রাজধানীর জুরাইন বা দোলাইরপাড়ে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে নির্বাচন নিয়ে কথা বললে আলোচনায় এটি উঠে আসবেই। আওয়ামী লীগের নেতা-কর্মীদের বড় অংশের মত, আগামী সংসদ নির্বাচনে জাতীয় পার্টিকে এই আসন (ঢাকা-৪) ছেড়ে দেওয়া উচিত হবে না। অন্য পক্ষের মত, দলের বৃহত্তর স্বার্থে মহাজোটের অংশীদার লাঙ্গলের প্রার্থীর পক্ষে কাজ করতে তাদের আপত্তি নেই।
প্রার্থী নিয়ে মহাজোটে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির (জাপা) এই টানাপোড়েনের বিপরীতে বিএনপির হয়ে মাঠে আছেন দুই তরুণ প্রার্থী। দলের মনোনয়ন পাওয়ার বিষয়ে দুজনই আশাবাদী।

তবে এলাকার সাধারণ মানুষের ভাবনায় ভোটের বিষয়টি এখনো সেভাবে আসেনি। তাঁরা বরং চিন্তিত এলাকার জলাবদ্ধতা, সড়ক যোগাযোগের বেহাল নিয়ে। ঐতিহ্যবাহী শ্যামপুর-কদমতলী শিল্পাঞ্চল, বুড়িগঙ্গা-তীরবর্তী পোস্তগোলা, জুরাইন, দোলাইরপাড়, মীর হাজিরবাগ ও গেন্ডারিয়ার একাংশ নিয়ে ঢাকা-৪ আসনটি গঠিত। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪৭, ৫১, ৫২, ৫৩ ও ৫৪ নম্বর ওয়ার্ড এবং শ্যামপুর ইউনিয়ন আসনটির অন্তর্ভুক্ত। ভোটার ২ লাখ ৮৪ হাজার ৪৬১ জন। এটি জাতীয় সংসদের ১৭৭ নম্বর আসন।
একসময় যাত্রাবাড়ী, ডেমরা, শ্যামপুর, কদমতলী এলাকা নিয়ে ছিল এ আসনটি। ২০০৮ সালে নবম সংসদ নির্বাচনের আগে এলাকাটিকে ভাগ করে ঢাকা-৪ ও ঢাকা-৫ আসন ঘোষণা করা হয়। এতে সীমিত হয়ে পড়ে ঢাকা-৪-এর চৌহদ্দি। বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা নদীবেষ্টিত এই আসনের বড় অংশ ডিএনডি বাঁধের অধীন। কিন্তু ডিএনডি বাঁধ থেকে পানি নিষ্কাশন ঠিকমতো না হওয়ায় সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় নিচু এলাকার বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান, শিল্পকারখানা।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, জাতীয় পার্টি থেকে নির্বাচিত বর্তমান সাংসদ সৈয়দ আবু হোসেন (বাবলা) জলাবদ্ধতা সমস্যার সমাধান করতে পারেননি। এর আগে আওয়ামী লীগের সাংসদ সানজিদা খানমের সময়ও জলাবদ্ধতায় ভুগতে হয়েছে তাঁদের।
এলাকায় চলমান উন্নয়নকাজের মান নিয়ে প্রশ্ন তুলে পূর্ব জুরাইনের বাসিন্দা মিজানুর রহমান বলেন, ড্রেনেজ-ব্যবস্থাকে গুরুত্ব না দিয়ে রাস্তা উঁচু করা হচ্ছে। এতে বাড়ি, দোকানপাট থেকে রাস্তা উঁচু হয়ে যাচ্ছে। জলাবদ্ধতার কারণে রাস্তাও টিকছে না। আখেরে লাভ হচ্ছে ঠিকাদার আর প্রভাবশালী ব্যক্তিদের।
আলোচনায় সৈয়দ আবু হোসেন
২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে মহাজোটের প্রার্থী, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন এ আসনে বিজয়ী হন। তাঁর বাড়ি ঢাকার গোপীবাগে। এরশাদ ক্ষমতায় থাকার সময় দুবার সাংসদ ছিলেন তিনি। তবে ২০০৮ সালে ঢাকা-৫ আসনে নির্বাচন করে হেরে যান। গত ৭ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জনসভায় বিপুলসংখ্যক কর্মী-সমর্থককে হাজির করে আলোচিত হন তিনি। আবু হোসেন বলেন, ‘আওয়ামী লীগের জন্য যতটুকু করি, জাপার জন্যও ততটুকু করি।’ আওয়ামী লীগের ৮০ ভাগ নেতা-কর্মী তাঁর সঙ্গে আছেন বলে দাবি তাঁর।
আওয়ামী লীগে তিনজন
২০০৮ সালে এ আসনে বিএনপির প্রার্থীকে প্রায় ৪৯ হাজার ভোটে হারিয়ে চমকে দিয়েছিলেন আওয়ামী লীগের সানজিদা খানম। তবে পাঁচ বছর পর ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে দল তাঁকে আর প্রার্থী করেনি। আসনটি জাতীয় পার্টিকে ছেড়ে দিয়ে তাঁকে সংরক্ষিত নারী কোটায় সাংসদ করা হয়।
দলীয় মনোনয়নের বিষয়ে সানজিদার সোজাসাপ্টা উত্তর, ‘দল মনোনয়ন দিলে নির্বাচন করব। না দিলে করব না। দলের সিদ্ধান্তের বাইরে যাব না।’
এ আসনে দলীয় মনোনয়ন পেতে চান আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার সাবেক সহকারী একান্ত সচিব মো. আওলাদ হোসেন। ২০১৪ সালে মহাজোট প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হয়ে তিনি দলের উচ্চ মহলের বিরাগভাজন হন এমন আলোচনা নেতা-কর্মীদের মধ্যে রয়েছে। তিনি বলেন, নাগরিক সুবিধা বলতে যা বোঝায় কিছুই এ এলাকায় নেই। ঢাকায় এ রকম এলাকা থাকতে পারে, এটা অবিশ্বাস্য। এলাকার উন্নয়ন ও দল বাঁচানোর স্বার্থে আওয়ামী লীগের প্রার্থী দরকার।
সম্ভাব্য প্রার্থীদের মধ্যে শ্যামপুর থানা আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জেল হোসেনও রয়েছেন। তাঁর ভাষ্য, ৪০ বছর ধরে রাজনীতি করছেন। এবার দল তাঁকে মূল্যায়ন করবে।
বিএনপির দুই তরুণ প্রার্থী মাঠে
বিএনপির সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম সম্পাদক আ ন ম সাইফুল ইসলাম। মীর হাজিরবাগের বাসিন্দা তিনি। তাঁর বাবাও জনপ্রতিনিধি ছিলেন। প্রথম আলোর সঙ্গে আলাপকালে তিনি দাবি করেন, এর আগে এই এলাকায় বিএনপির যাঁরা নেতা ছিলেন, তাঁরা ওইভাবে কর্মীবান্ধব ছিলেন না। ৩৭টি মামলার কারণে প্রকাশ্যে তৎপরতা চালাতে পারছেন না বলে জানালেন।
এ আসনে দল থেকে মনোনয়ন চান বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ (রবিন)। তিনি দলের কেন্দ্রীয় বাণিজ্যবিষয়ক সম্পাদক ও সাবেক সাংসদ সালাহউদ্দিন আহমেদের ছেলে। তানভীর প্রথম আলোকে বলেন, সাত-আট বছর দলীয় পদ ছাড়া কাজ করেছেন তিনি।
তানভীরকে সমর্থন জানিয়ে এলাকায় বেশ কিছু পোস্টার দেখা গেছে। ৬২টি মামলার কারণে প্রকাশ্যে তৎপরতা চালাতে পারছেন না বলে জানান তিনি।
সাইফুল ও তানভীর ছাড়াও ঢাকা মহানগর দক্ষিণের সহসভাপতি মীর হোসেনও নির্বাচনে প্রার্থী হওয়ার চেষ্টা চালাচ্ছেন বলে নেতা-কর্মীরা জানান।
প্রার্থী নিয়ে সাধারণের ভাবনা
এ আসনে প্রার্থী মনোনয়ন নিয়ে এবার মহাজোটকে সমস্যায় পড়তে হবে বলে মনে করেন স্থানীয় বাসিন্দারা। জাতীয় পার্টি পৃথকভাবে নির্বাচন করলে অবশ্য এই সমস্যা থাকবে না। অন্যদিকে বিএনপি স্থানীয় দুই তরুণ প্রার্থীর একজনকে বেছে নেবে, নাকি বাইরে থেকে পুরোনো কাউকে আনবে, সেটি সময়ই বলে দেবে।