ঢাকায় খালেদাকে কর্মসূচি করতে দেবে না সরকার
গুম, খুন, অপহরণে জেরবার সরকার বিএনপিসহ বিরোধী দলগুলোর ওপর চড়াও হওয়ার কৌশল নিয়েছে। গুম, খুন ও অপহরণের ঘটনা পুজি করে যাতে বিরোধীরা সংগঠিত হতে না পারে, সে জন্য ঢাকায় তাদের কর্মসূচি করতে দেবে না সরকার। বিশেষ করে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে আপাতত ঢাকায় কোনো কর্মসূচি করতে দেওয়া হবে না।
সরকারের উচ্চপর্যায়ে এমন সিদ্ধান্তই নেওয়া হয়েছে। অনানুষ্ঠানিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ-সম্পর্কিত নির্দেশনাও দেওয়া হয়েছে। সরকার ও আওয়ামী লীগের নীতিনির্ধারক অন্তত ছয়জনের সঙ্গে কথা বলে সরকারের এই অবস্থানের কথা জানা গেছে।
খালেদা জিয়ার উপস্থিতি ও অংশগ্রহণ ঠেকাতে সর্বশেষ গত শনিবার আইনজীবীদের কর্মসূচিও পণ্ড করে দেয় সরকার। গত বৃহস্পতিবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে নাগরিক সমাজের সঙ্গে গুম-খুন নিয়ে আলোচনা সভা করতে দেওয়া হয়নি খালেদা জিয়াকে। এর আগে সাত খুনের পর নারায়ণগঞ্জ ও সিদ্ধিরগঞ্জে দুই দফা চেষ্টা করেও খালেদা জিয়ার উপস্থিতিতে সমাবেশের অনুমতি মেলেনি। সোহরাওয়ার্দী উদ্যানেও সমাবেশ করার অনুমতি পায়নি বিএনপি।
সরকারের একটি দায়িত্বশীল সূত্র জানায়, সারা দেশে গুম, খুন ও অপহরণের ঘটনায় সরকার বেশ চাপে পড়ে গেছে। বিশেষ করে নারায়ণগঞ্জে সরকার যথাযথ পদক্ষেপ নেয়নি—এমন সমালোচনা আছে সর্বত্র। দলীয়ভাবে না হলেও আওয়ামী লীগের অনেক নেতা বিচ্ছিন্নভাবে সরকারের সমালোচনা করেছেন। নাম প্রকাশ না করার শর্তে অনেকে নিজেদের অস্বস্তির কথা জানিয়েছেন এই প্রতিবেদককে।
এ অবস্থায় ৫ জানুয়ারির নির্বাচনের পর ম্রিয়মাণ হয়ে পড়া বিরোধী দল গুম-খুনের ঘটনাকে ইস্যু করে ঘুরে দাঁড়াতে পারে—এমন আশঙ্কা আছে সরকারে। এ পরিস্থিতি ঠেকাতেই সরকার বিএনপির চেয়ারপারসনের কর্মসূচির ওপর অনানুষ্ঠানিক বিধিনিষেধ আরোপের সিদ্ধান্ত নিয়েছে। এ ক্ষেত্রে ঢাকার বাইরে খালেদা জিয়া কর্মসূচি পালন করতে চাইলে বাধা না-ও দেওয়া হতে পারে। তবে সবকিছুই নির্ভর করবে সরকারের উচ্চপর্যায়ের শেষ মুহূর্তের সিদ্ধান্ত ও মনোভাবের ওপর।
হঠাৎ করে রাজধানীতে খালেদা জিয়ার অনুষ্ঠানে বাধা দিতে শুরু করার বিষয়টি নিয়ে বিএনপির নীতিনির্ধারকেরাও আলোচনা করছেন৷ দলটি মনে করছে, এর মাধ্যমে সরকার বিএনপিকে হরতালের মতো কর্মসূচিতে যাওয়ার উসকানি দিচ্ছে, অপ্রস্তুত অবস্থায় বিএনপিকে রাজপথে নামাতে চাইছে। আবার এ নিয়ে দলের নীতিনির্ধারণী পর্যায়ে ভিন্নমতও আছে। স্থায়ী কমিটি সদস্যদের কেউ কেউ মনে করছেন, বিএনপি শক্তভাবে কোনো প্রতিবাদ করতে পারছে না। সরকার দুর্বলতার এ সুযোগটাই নিচ্ছে। আর হরতাল না হলেও বড় ধরনের প্রতিবাদ-বিক্ষোভের পক্ষে তাঁরা।
জানতে চাইলে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথম আলোকে বলেন, সরকার আসলে বিরোধী দলকে ভয় পাচ্ছে। কারণ, তারা জনবিচ্ছিন্ন হয়ে গেছে। তাই বিরোধী দলের জনসভা, বিশেষ করে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে কোনো জনসভা করতে দিতে চাইছে না। এটি সরকারের রাজনৈতিক দেউলিয়াপনার প্রমাণ।
মির্জা ফখরুল বলেন, বিএনপির চেয়ারপারসনের জনসভায় বাধা দেওয়ার প্রতিবাদে তাঁরা বিক্ষোভ কর্মসূচি দিচ্ছেন। তাঁরা আরও দেখবেন, তারপর আলোচনা করে ঠিক করবেন অন্য কোনো কর্মসূচি দেওয়া যায় কি না।
দলীয় সূত্রে জানা গেছে, ৭ মে দলের স্থায়ী কমিটির সভায়ও আপাতত হরতালের মতো কর্মসূচিতে না যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। দলের সেই সিদ্ধান্ত এখন বলবৎ আছে। বিএনপি এখনই হরতাল বা এ ধরনের কঠোর কর্মসূচিতে যেতে চায় না।
তবে বিএনপির স্থায়ী কমিটির আরেকজন সদস্য প্রথম আলোকে বলেন, খালেদা জিয়ার মামলার আদালত পরিবর্তন, প্রথমবার খালেদা জিয়ার অনুষ্ঠানে বাধা দেওয়ার পর বিএনপি বড় ধরনের কোনো প্রতিবাদ করতে পারেনি। তাই সরকার দিন দিন কঠোর হচ্ছে।
বিষয়টি নিয়ে আওয়ামী লীগের কেউই নাম প্রকাশ করে কথা বলতে চাননি৷ কেবল আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম প্রথম আলোকে বলেছেন যে বিএনপি নেত্রীকে কর্মসূচি পালন না করতে দেওয়ার সিদ্ধান্ত তাঁর জানা নেই৷
তবে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এক সদস্য বলেন, বিএনপির আন্দোলন কর্মসূচি খালেদা জিয়া ও তারেক রহমানের মামলার মতো ব্যক্তিগত বিষয়ের ওপর আটকে রাখতে চায় সরকার। এটা সম্ভব হলে দলটি নিজেরা সংগঠিত হতে পারবে না। আর ব্যাপক জনমতও পক্ষে টানতে ব্যর্থ হবে। জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা দুটির বিচার বিশেষ জজ আদালতে চলছে৷ দুটি মামলাতেই অভিযোগ গঠন করা হয়েছে৷ এ নিয়েও চাপে পড়েছেন বিএনপির চেয়ারপারসন৷
ওই নেতা আরও বলেন, আওয়ামী লীগের জনপ্রিয়তা কমতির দিকে, এটা সবাই জানে। শক্ত বিরোধী দল না থাকায় সরকার অনেকটা নিশ্চিন্তই ছিল। তবে গুম-খুনের ঘটনায় বেকায়দায় পড়ে গেছে। কারণ, এ বিষয়গুলোর সঙ্গে জননিরাপত্তা জড়িত। বিরোধী দল এসব ইস্যু সামনে নিয়ে নামতে পারলে ব্যাপক জনসমর্থন পাবে। ৫ জানুয়ারির নির্বাচন ঠেকাতে বিরোধী দল যে তাণ্ডবের আশ্রয় নিয়েছিল এবং এর ফলে দেশে-বিদেশে যে ভাবমূর্তি ক্ষুণ হয়েছিল, গুম-খুন ইস্যুতে আন্দোলন জমিয়ে তুলতে পারলে তা-ও অনেকটা কাটিয়ে ফেলতে পারবে।
আওয়ামী লীগের আরেকজন কেন্দ্রীয় নেতা বলেন, নারায়ণগঞ্জ, ফেনী ও লক্ষ্মীপুর এখন খুন, গুম ও অপহরণের ‘জনপথ’ বললেও ভুল হবে না। এই তিন জেলা নিয়ে সরকার ও আওয়ামী লীগ—দুই-ই বেকায়দায়। কারণ, এই তিনটি জেলাই সন্ত্রাসের গডফাদার বলে খ্যাত আওয়ামী লীগের নেতারা নিয়ন্ত্রণ করছেন। তাঁদের কারণে ১৯৯৬ থেকে ২০০১ সালেও তৎকালীন আওয়ামী লীগ সরকার ব্যাপক সমালোচিত হয়েছিল। এত সমালোচনার পরও এবার নারায়ণগঞ্জ ও লক্ষ্মীপুরে সন্ত্রাসের গডফাদারকেই দলীয় সিদ্ধান্তে পুনর্বাসন করা হয়েছে। ফেনীতে জয়নাল হাজারী ও নিজাম হাজারীর দ্বন্দ্বে কেন্দ্রীয় অনেক নেতাই বিভক্ত হয়ে তাঁদের আশ্রয়-প্রশ্রয় দিয়েছেন বলে অভিযোগ আছে৷
এ অবস্থায় সন্ত্রাসকবলিত এলাকাগুলোতে নিজেদের মধ্যে মারামারি ও খুন-গুমের ঘটনা সরকার-আওয়ামী—দুই পক্ষকেই যুগপৎভাবে অস্বস্তিতে ফেলে দিয়েছে। ফেনী-নারায়ণগঞ্জে যথাযথ পদক্ষেপ নিলে সরকার ও দল বেকায়দায় পড়ে, আর গা ভাসিয়ে দিলে বিক্ষুব্ধ জনমত বিরোধী দলের পক্ষে যায়।
সূত্র জানায়, আওয়ামী লীগ দল হিসেবে সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার একক সিদ্ধান্তের ওপর নির্ভরশীল। এ জন্য দলীয় ফোরামে গুম-খুন নিয়ে কেউ কথা বলতে চান না। তবে ব্যক্তিগতভাবে অনেকেই মনে করছেন, এসব চলতে থাকলে পাঁচ বছর ক্ষমতায় থাকার সরকারের স্বপ্ন ও পরিকল্পনা ভেস্তে যেতে পারে।
এদিকে কাল বুধবার ঢাকার বাইরে মুন্সিগঞ্জে একটি সমাবেশে খালেদা জিয়ার উপস্থিত থাকার কথা রয়েছে। গতকাল সোমবার বিএনপি জানিয়েছে, তাদের সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে।