ঢাকায় গাড়ি ধাক্কায় নিহত ১

ঢাকার কদমতলী সাদ্দাম মার্কেট এলাকায় ব্যাপারী বাড়ির সামনে গাড়ির ধাক্কায় একজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওই ব্যক্তির নাম শহিদুল ইসলাম (৫৫)। তাঁর বাড়ি মাদারীপুর সদর উপজেলার কালিকাপুর গ্রামে। তিন ছেলেসহ পরিবার নিয়ে মাতুয়াইল মুসলেম নগর জিরো পয়েন্ট এলাকায় থাকতেন তিনি।
প্রত্যক্ষদর্শী রাসেল চৌধুরী বলেন, বিকেলে হেঁটে রাস্তা পার হওয়ার সময় গুলিস্তানগামী কমল পরিবহনের একটি গাড়ি শহিদুলকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত ব্যক্তির ছোট ভাই মো. মনির হোসেন বলেন, গুলিস্তান ফুলবাড়িয়া জাকের সুপার মার্কেটে তাঁদের একটি গার্মেন্টস এক্সেসরিজের দোকান আছে। বিকেলে দোকান থেকে বাসায় ফেরার সময় ওই দুর্ঘটনার শিকার হন তাঁর ভাই শহিদুল।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. বাচ্চু মিয়া প্রথম আলোকে বলেন, নিহত শহিদুলের লাশ ময়নাতদন্তের জন্য জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।