ঢাকায় গ্যাস-সংকট, স্বল্প আঁচের ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্যাস লাইনের রাইজার থেকে পাইপ টানা রয়েছে চুলা পর্যন্ত, কিন্তু চুলা জ্বলছে লাকড়িতে। সেই চুলার ওপর বসানো তাওয়ায় ভাজা হচ্ছে পরোটা। গত বৃহস্পতিবার সকালে এই দৃশ্য দেখা গেল পুরান ঢাকার তাঁতীবাজারের পচা গলি এলাকার ইসমাইল হোসেনের হোটেলে।এলাকায় ‘হাজী বাবুর হোটেল’ নামে পরিচিত ওই হোটেলের কর্মচারী নূর আলম বলেন, কয়েক দিন ধরে সকাল সাতটা থেকে বিকেল চারটা পর্যন্ত গ্যাস না থাকায় তাঁরা বিকল্প এই ব্যবস্থা নিয়েছেন। আশপাশের কয়েকটি হোটেল-রেস্তোরাঁয় সিলিন্ডারের গ্যাস ব্যবহার হতে দেখা যায়। এসব হোটেলের কর্মচারীরা জানান, শীত মৌসুম শুরুর পর থেকে গ্যাসের সমস্যা বেড়েছে।রাজধানীর অনেক এলাকার বাসাবাড়িতেও এখন গ্যাসের সমস্যা। অনেক এলাকায় রাতে গ্যাস থাকলেও সকাল থেকে বিকেল পর্যন্ত প্রায় থাকেই না। কোথাও কোথাও রান্নার সময় চুলা জ্বলে টিমটিম করে। ফলে রান্না করা নিয়ে এসব এলাকার মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে। ঢাকার আশপাশের এলাকার বাসাবাড়িতেও আছে এই সমস্যা। শিল্প-কারখানা, বাণিজ্যিক প্রতিষ্ঠান, সিএনজি ফিলিং স্টেশনেও চলছে গ্যাসের সমস্যা।গ্যাসের চাপ বাড়াতে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে ঢাকা ক্লিন ফুয়েল প্রকল্পের (ডিসিএফপি) আওতায় রাজধানীর উত্তর-পশ্চিম এলাকায় ৮ থেকে ১৬ ইঞ্চি পাইপলাইন বসানো হয়েছিল। কিন্তু তাতেও অবস্থার যে তেমন উন্নতি হয়নি, তার প্রমাণ ওই সব এলাকায়ও স্বল্প চাপ।সমস্যা এলাকায় এলাকায়: পুরান ঢাকার রাজার দেউড়ির গৃহবধূ অমৃতা ঘোষ জানান, সকাল থেকে গ্যাস না থাকায় তাঁকে সকাল ও দুপুরের রান্না করতে হয় ভোররাত চারটা থেকে। কারণ তখন চুলায় কিছু আঁচ থাকে। তাঁর স্বামী ব্যবসায়ী বাবুল ঘোষ জানান, ‘বিল দিতে দেরি হলে তিতাসের লোক এসে ধমকায়। কিন্তু গ্যাসের সমস্যা জানানোর জন্য তাদের খুঁজে পাওয়া যায় না।’একই রকম সমস্যা শাঁখারীবাজার, গোয়ালনগর, পানিটোলাসহ আশপাশের এলাকায়।নগরের অন্য প্রান্ত দক্ষিণখানের কলেজছাত্রী ফিরোজা আফরোজ জাহান জানান, ভোররাতে রান্না না করলে তাঁদের সারা দিন না খেয়ে থাকতে হয়।মুগদাপাড়া-মান্ডা, রামপুরা-বাসাবো-গোড়ান-খিলগাঁওয়ের একাংশ-যাত্রাবাড়ী ও আশপাশ; মতিঝিল-পুরানা পল্টন থেকে হাজারীবাগ-জিগাতলা-রায়েরবাজার-শুক্রাবাদ; মেরুল-বাড্ডা, বৃহত্তর মিরপুরের কাফরুল, পূর্ব ও পশ্চিম শেওড়াপাড়া, মণিপুর, মিরপুর-১, ২, ৬, ১০, ১১, ১২, ১৩ নম্বর সেকশন, কাজীপাড়া, সেনপাড়া পর্বতা, কল্যাণপুর, পাইকপাড়া, পীরেরবাগ, মোহাম্মদপুরের আদাবর, শেখেরটেকসহ বেশির ভাগ এলাকা এবং কাঁঠালবাগান, হাতিরপুল, তেজকুনিপাড়া, নাখালপাড়া, তেজগাঁও প্রভৃতি স্থানেও গ্যাসের সমস্যা রয়েছে। কোথাও টানা কয়েক ঘণ্টা গ্যাস থাকে না, আবার কোথাও রান্নার সময়েই থাকছে স্বল্প আঁচ।শ্যামলী ২ নং সড়কের কাজী অফিস এলাকার গৃহিণী শাহানা ইসলাম বলেন, সকাল সাতটা-আটটায় গ্যাস চলে যায়, আসে বেলা তিনটায়। বাধ্য হয়ে রাইসকুকার, মাইক্রোওভেন ব্যবহার করতে হয়। এর জন্য গুনতে হবে বাড়তি বিদ্যুৎ বিল। শ্যামলীর ১ ও ৩ নং সড়কেও গ্যাসের সমস্যার কথা জানান বাসিন্দারা।মোহাম্মদপুরের শেখেরটেকের ৬ নম্বর সড়কের গৃহিণী আকলিমা হক জানান, তাঁর গ্যাসের চুলা সকাল আটটা থেকে বেলা তিনটা পর্যন্ত জ্বলে না। মিরপুর ১ নম্বরের গোলারটেকের গৃহিণী বিলকিস আক্তার টেলিফোনে অভিযোগ করেন, দিন-রাতের বেশির ভাগ সময় গ্যাস থাকে না। মধ্য পাইকপাড়ার মোহাম্মদউল্লাহ জানান, অনেক সময় ভোররাতেও ঠিকমতো চুলা জ্বলে না। কল্যাণপুর ১১ নম্বর সড়কের গৃহিণী ফারজানা বেগম বলেন, ‘শীত এলেই গ্যাস নিয়ে চিন্তা শুরু হয়। সেই চিন্তা এবারও সত্য হলো।’দৈনিক ২৫০-৩০০ অভিযোগ: তিতাস গ্যাস সঞ্চালন ও বিতরণ কোম্পানির সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রতিদিন তাদের আঞ্চলিক কার্যালয়গুলোতে গ্যাস না থাকা-সংক্রান্ত ২৫০ থেকে ৩০০ অভিযোগ আসছে। এর কোনোটি লিখিত, কোনোটি টেলিফোনে। তবে বিভিন্ন এলাকার লোকজন জানান, তিতাসের আঞ্চলিক কার্যালয়ের টেলিফোন ব্যস্ত পাওয়ায় তাঁরা অভিযোগ জানাতে পারছেন না।ঘাটতি ৪০ মিলিয়ন ঘনফুট: তিতাসের দায়িত্বশীল সূত্র জানায়, বর্তমানে রাজধানী ও এর আশপাশের এলাকায় গ্যাস-সংকটের অন্যতম কারণ চাহিদা ও সরবরাহের মধ্যে ব্যবধান। ঢাকা ও এর আশপাশে দৈনিক ২২০ মিলিয়ন ঘনফুট চাহিদার বিপরীতে সরবরাহ করা সম্ভব হচ্ছে প্রায় ১৮০ মিলিয়ন ঘনফুট। ফলে ঘাটতি থাকছে ৪০ মিলিয়ন ঘনফুট গ্যাস। এই ১৮০ মিলিয়ন ঘনফুট গ্যাস থেকে আবাসিক-বাণিজ্যিক গ্রাহকসহ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কয়েকটি বিদ্যুৎকেন্দ্র, সার কারখানা, শিল্প-কারখানা ও সিএনজি ফিলিং স্টেশনে সরবরাহ করা হয়।চাহিদার বিপরীতে গ্যাস কম সরবরাহের বিষয়টি নিশ্চিত করে তিতাসের ব্যবস্থাপনা পরিচালক আবদুল আজিজ খান প্রথম আলোকে বলেন, গৃহস্থালির কাজ, শিশু ও বয়োজ্যেষ্ঠদের গোসলের জন্য পানি গরম করাসহ বিভিন্ন কারণে শীতকালে গ্যাসের চাহিদা বাড়ে। ফলে এ সময় সংকটও বাড়ে। এ ছাড়া শীতকালে এক হাঁড়ি পানি গরম করতে বা ভাত রান্না করতে গ্রীষ্মকালের চেয়ে সময় প্রায় দ্বিগুণ লাগে। এভাবেও গ্যাস বেশি ব্যবহূত হয়। গ্যাসের উৎপাদন ও বরাদ্দ না বাড়লে এবং শীত না গেলে অবস্থার উন্নতির সম্ভাবনা কম। সংশ্লিষ্ট সূত্র জানায়, শীত শুরুর পর রাজধানীতে গ্যাসের চাহিদা প্রায় ৩০ শতাংশ বেড়েছে। এ ছাড়া পাইপলাইনে প্রচুর পরিমাণে ‘কনডেনসেট’ জমাট বাঁধায় গ্যাসের স্বল্পচাপ সমস্যা চলছে।জমা পড়েছে ৫৫ হাজার আবেদন: গ্যাসের সমস্যা যাতে আর না বাড়ে, সে জন্য গত বছরের জুলাই থেকে তিতাস নতুন সংযোগ দেওয়া বন্ধ রেখেছে। জানা যায়, ঢাকাসহ তিতাসের আওতাভুক্ত এলাকায় নতুন সংযোগের জন্য গত পাঁচ মাসে আবাসিক, বাণিজ্যিক ও শিল্পগ্রাহকদের আবেদন জমা পড়েছে প্রায় ৫৫ হাজার। কবে নাগাদ তাঁদের সংযোগ দেওয়া যাবে, তা এখনো নির্ধারণ করতে পারেনি তিতাস কর্তৃপক্ষ।আবেদন করেও সংযোগ না পাওয়ায় নতুন বাড়ি বা অ্যাপার্টমেন্টের ফ্ল্যাটে বসবাসকারীদের অনেকে সিলিন্ডারের গ্যাসে রান্না করছেন। শান্তিনগরে একটি ফ্ল্যাটের মালিক আবদুর রশিদ জানান, গত মাসে তিনি নতুন ফ্ল্যাটে উঠেছেন। তিতাসের সংযোগ না পাওয়ায় সিলিন্ডারের গ্যাস ব্যবহার করছেন। এতে তিতাসের মাসিক বিলের চেয়ে ১০ গুণ বেশি টাকা খরচ হচ্ছে।রাজধানীর অনেক সিএনজি ফিলিং স্টেশনেও গত কয়েক দিন গ্যাসের চাপ কম রয়েছে বলে ফিলিং স্টেশন কর্তৃপক্ষ অভিযোগ করেছে।