ঢাকায় গ্রেপ্তার হাদীকে রংপুরের মামলায় আসামি করা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপজেলা শিক্ষা কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ঢাকায় গ্রেপ্তার হওয়া আবদুল হাদীকে রংপুরের মাধ্যমিকের প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তিনি রংপুরের একটি কলেজের শিক্ষক। সরকারি কর্ম-কমিশনের (পিএসসি) অধীনে অনুষ্ঠিত উপজেলা শিক্ষা কর্মকর্তা নিয়োগ পরীক্ষায় ঢাকার তেজগাঁও সরকারি বিজ্ঞান কলেজ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গত ৮ জুলাই রংপুরের ভিন্নজগতে সরকারি মাধ্যমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে পীরগঞ্জ উপজেলার ধাপেরহাট মনিকৃষ্ণসেন ডিগ্রি কলেজের কয়েকজন শিক্ষকের জড়িত থাকার অভিযোগ ওঠে। প্রশ্নপত্র ফাঁসের দিন ঘটনাস্থল থেকে ওই কলেজের প্রভাষক আনিসুর রহমান (২৮) ও তাঁর স্ত্রী শাপলা বেগম (২৪) গ্রেপ্তার হন। পুলিশের কাছে গ্রেপ্তার হওয়া শিক্ষকের জিজ্ঞাসাবাদ অনুযায়ী ওই কলেজের আরও দুজন প্রভাষক মোরতাজা আলী ওরফে রিপন ও আবদুল হাদীর নাম আসে। এর মধ্যে পুলিশের গ্রেপ্তারের ভয়ে মোরতাজা দীর্ঘদিন আত্মগোপন করে আছেন। আর আবদুল হাদী উপজেলা শিক্ষা কর্মকর্তা নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ও উত্তরপত্রসহ গত শনিবার ঢাকায় গ্রেপ্তার হয়েছেন। রংপুরে প্রশ্নপত্র ফাঁসের মামলার তদন্তকারী কর্মকর্তা ও গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান প্রথম আলোকে বলেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া আবদুল হাদীকে মাধ্যমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের মামলায় আসামি করার আবেদন করা হবে। এ ছাড়াও ওই কলেজের শিক্ষকদের ওপর নজর রাখা হচ্ছে। তাঁরা প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত বলে অভিযোগ আছে। গত ৮ জুলাই রংপুরের গঙ্গাচড়া উপজেলায় বিনোদনকেন্দ্র ভিন্নজগতে সরকারি মাধ্যমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ঘটনাস্থল থেকে ১৬৭ এবং পরবর্তী সময়ে আরও সাতজনসহ ১৭৪ জনকে গ্রেপ্তার করা হয়।