ঢাকায় চিকিৎসা করাতে এসে হলেন লাশ
গোপালগঞ্জ থেকে ঢাকায় চিকিৎসা করাতে এসে লাশ হলেন শীতল মজুমদার (৪৭) নামের এক ব্যক্তি। গতকাল শনিবার সকালে মিরপুর থানা এলাকার ফুটপাত থেকে তাঁর লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, সে ব্যাপারে পুলিশ নিশ্চিত হতে পারেনি।
মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ মিয়া প্রথম আলো কে বলেন, ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ ও ধরন সম্পর্কে জানা যাবে। প্রতিবেদনে অস্বাভাবিক কোনো কিছু পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এসআই মাসুদ বলেন, খবর পেয়ে গতকাল সকাল সাতটার দিকে মিরপুর থানার আনসার ক্যাম্পসংলগ্ন ফুটপাতে ময়লার স্তূপের পাশ থেকে প্রথমে অজ্ঞাতনামা হিসেবে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। তাঁর বাঁ হাতের কবজিতে জখমের চিহ্ন ছিল। পরে খবর পেয়ে ওই ব্যক্তির স্বজনেরা থানায় আসেন।
নিহত শীতলের জামাতা সুমন সরকার প্রথম আলোকে বলেন, তাঁর শ্বশুর দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছেন। চিকিৎসা করাতে গত শুক্রবার বিকেলে গোপালগঞ্জ থেকে তিনি ঢাকায় এসে তাঁর (সুমন) মণিপুরের বাসায় ওঠেন। সন্ধ্যার পর একটু ঘুরতে বের হন। রাতে অনেক খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান মেলেনি।
এসআই মাসুদ বলেন, বাঁ হাতের জখমের চিহ্ন দেখে মনে হচ্ছে, ওই ব্যক্তির হাতের ওপর দিয়ে কোনো কিছু চলে গেছে। অথবা কোনো কিছুর সঙ্গে সজোরে ধাক্কা লেগেছে। তবে নিশ্চিত করে এখনো কিছু বলা যাচ্ছে না। প্রাথমিকভাবে এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
বিদ্যুৎস্পৃষ্ট: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, গতকাল সকালে রাজধানীর কল্যাণপুর নতুন বাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন শুভঙ্কর (২৭) নামের এক মাছবিক্রেতা। তাঁর বাবা বাবুল লাল জানান, ওই বাজারে মাছ বিক্রি করতেন তিনি। নিজ দোকানের বৈদ্যুতিক বাল্ব সংযোগের সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।