চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বাংলাদেশ সফরের প্রস্তুতি চূড়ান্ত করতে দেশটির ১৫ সদস্যের একটি দল গতকাল সোমবার দুই দিনের সফরে ঢাকায় এসেছে। শি জিনপিং এ সফরের সময় যেসব জায়গায় যাবেন, চীনা প্রতিনিধিদলটি সে জায়গাগুলো ঘুরে দেখবে এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলবে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রাচার বিভাগের মহাপরিচালক কিন গ্যাংয়ের নেতৃত্বে প্রতিনিধিদলটি গতকাল বঙ্গভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয় ঘুরে দেখেছে। এ সময় সেখানকার জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছে। আজ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে তাদের বৈঠকের কথা রয়েছে।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আগামী ১৪ অক্টোবর ঢাকায় আসার কথা রয়েছে। এ সফরের সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন। ওই বৈঠকে বাংলাদেশের বৃহদায়তন প্রকল্পে চীনের অর্থায়নসহ দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা বৃদ্ধির বিষয়টি গুরুত্ব পাবে। পাশাপাশি চীনের সঙ্গে ব্যাপক বাণিজ্যবৈষম্য কমাতে বাংলাদেশের পণ্য রপ্তানি বাড়ানোর বিষয়টি নিয়ে আলোচনা হবে। চীনের প্রেসিডেন্টের সফরের সময় বাংলাদেশের ২৫টি প্রকল্পে প্রায় ১ লাখ ৫৭ হাজার কোটি টাকার অর্থায়নের বিষয়ে চূড়ান্ত ঘোষণা আসতে পারে।
শি জিনপিং এ সফরের সময় রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করবেন।
বাংলাদেশ সফর শেষে চীনের প্রেসিডেন্টের গোয়ায় অনুষ্ঠেয় ব্রিকস-বিমসটেক শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে। ১৫ অক্টোবর অনুষ্ঠেয় ওই শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনারও যাওয়ার কথা রয়েছে।
চীনের ভাইস প্রেসিডেন্ট হিসেবে শি জিনপিং ২০১০ সালের ১৪ জুন দুই দিনের সফরে বাংলাদেশে এসেছিলেন।