ঢাকায় চীনের বিশেষ দূত, আলোচনায় রোহিঙ্গা
মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর সশস্ত্র বাহিনীর অভিযানের পর বাংলাদেশের অবস্থান জানতে ও বুঝতে চায় চীন। এ নিয়ে বাংলাদেশের কর্মকর্তাদের সঙ্গে আলোচনার জন্য চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়াবিষয়ক বিশেষ দূত সান গোশিয়াং আজ সোমবার ঢাকায় এসেছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা সোমবার এই প্রতিবেদককে জানান, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ দূত সান গোশিয়াং আগামীকাল মঙ্গলবার সকালে পররাষ্ট্রসচিব মো. শহীদুল হকের সঙ্গে তাঁর দপ্তরে আলোচনা করবেন। এর আগে তিনি রোহিঙ্গাদের নিয়ে মিয়ানমারের সঙ্গে আলোচনার প্রক্রিয়ায় যুক্ত মন্ত্রণালয়ের কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে কথা বলবেন।
কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এশিয়াবিষয়ক বিশেষ দূত হলেও এ অঞ্চলের দেশগুলোর বিশেষ পরিস্থিতি নিয়ে কাজ করাটা সান গোশিয়াং দায়িত্বে পড়ে। সে হিসেবে মিয়ানমার পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য গত মাসে তাঁর ঢাকায় আসার কথা ছিল। কিন্তু চীনের অভ্যন্তরীণ কারণে তাঁর প্রস্তাবিত সফরটি পিছিয়ে যায়। এবার ঢাকায় এসে প্রতিবেশী মিয়ানমার নিয়ে, বিশেষ করে রোহিঙ্গা নির্যাতন নিয়ে বাংলাদেশের মনোভাব তিনি যেমন বুঝতে চাইবেন; বাংলাদেশও এ নিয়ে চীনের মনোভাব জানতে চাইবে।
ঢাকার কর্মকর্তারা বলছেন, গত অক্টোবরে রাখাইনে রোহিঙ্গা নির্যাতন শুরুর কাছাকাছি সময়ে চীনের সঙ্গে লাগোয়া মিয়ানমারের শান প্রদেশেও বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘাত শুরু হয়। এরপর রাজ্যটি থেকে কিছু লোকজনের চীনে পালিয়ে গেছে। সেখানকার পরিস্থিতি নিয়ে এর পরপরই আলোচনায় বসেছে মিয়ানমার ও চীন। যদিও বাংলাদেশ বারবার অনুরোধ জানিয়েও রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে মিয়ানমারকে আলোচনার টেবিলে আনতে পারেনি।
এমন এক পরিস্থিতিতে সফরের সময় যাতে পরিস্থিতি সম্পর্কে আরও ভালো ধারণা পান, সে জন্য চীনের বিশেষ দূতকে কক্সবাজার যাওয়ার অনুরোধ জানানো হয়েছে। মিয়ানমারের সীমান্তবর্তী বাংলাদেশের পর্যটন জেলাটিতে গিয়ে তিনি রোহিঙ্গাদের সঙ্গে কথা বললে মিয়ানমারের লোকগুলো কেন আর কোন পরিস্থিতিতে বাংলাদেশে পালিয়ে এসেছেন, সেটা জানতে পারবেন। সেই সঙ্গে তাঁদের কাছ থেকে তিনি রাখাইনের পরিস্থিতি সম্পর্কেও জানার সুযোগ পাবেন।
প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে রোহিঙ্গাদের ওপর নির্যাতন চালালেও বিষয়টি নিয়ে সব সময় নীরব থেকেছে চীন। রাখাইনে গত বছরের অক্টোবরের সহিংসতার পর জাতিসংঘের নিরাপত্তা পরিষদ নিন্দা জানিয়ে একটি বিবৃতি দিতে চেয়েছিল। নিরাপত্তা পরিষদের দুই স্থায়ী সদস্য রাশিয়া ও চীনের বিরোধিতায় বিবৃতিটি দেওয়া যায়নি। এ ছাড়া রোহিঙ্গা নির্যাতনের নিন্দা জানিয়ে মিয়ানমারে জাতিসংঘের আন্তর্জাতিক তদন্তের ব্যাপারে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে প্রস্তাব আনা হয়। গত মাসে জেনেভায় মানবাধিকার কাউন্সিলের বৈঠকে প্রস্তাবটি পাস হলেও ওই প্রক্রিয়াতে অংশ নেয়নি চীন।