ঢাকায় চীনের ভাইস প্রেসিডেন্ট জিনপিং
চীনের ভাইস প্রেসিডেন্ট শি জিনপিং দুই দিনের সরকারি সফরে গতকাল সোমবার ঢাকা পৌঁছেছেন। গতকাল বেলা সাড়ে ১১টায় তাঁকে নিয়ে এয়ার চায়নার একটি ফ্লাইট হজরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি তাঁকে স্বাগত জানান। পররাষ্ট্রসচিব মিজারুল কায়েস ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। খবর বাসসের।পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, এ বছর মার্চ মাসে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরের পরিপ্রেক্ষিতে শি জিনপিং বাংলাদেশ সফর করছেন।গত বছর জানুয়ারি মাসে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতায় আসার পর চীনের কোনো রাষ্ট্রনেতার এটাই প্রথম বাংলাদেশ সফর। চীনের ভাইস প্রেসিডেন্ট ৩৫ সদস্যবিশিষ্ট উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। চীনের ভাইস প্রেসিডেন্ট ঢাকায় অবস্থানকালে রাষ্ট্রপতি জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন। তিনি জাতীয় সংসদের স্পিকার আবদুল হামিদের দেওয়া এক মধ্যাহ্নভোজে অংশ নেবেন। এ ছাড়া তিনি প্রধান বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং বাংলাদেশ-চীন ফ্রেন্ডশিপ সোসাইটির প্রতিনিধিদের সঙ্গেও সাক্ষাৎ করবেন।সূত্র জানায়, দ্বিপক্ষীয় আলোচনায় গত মার্চে শেখ হাসিনার চীন সফরকালে যেসব সিদ্ধান্ত এবং অঙ্গীকার করা হয়েছিল, তার বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা হবে। শি জিনপিং আজ মঙ্গলবার সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন। চীনের ভাইস প্রেসিডেন্ট সে দেশের পক্ষ থেকে চীনের চার কোটি উন্নয়ন অনুদান কার্যক্রমের অন্তর্ভুক্ত অর্থনৈতিক সহযোগিতার বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর করবেন। শেখ হাসিনার চীন সফরকালে দুই দেশের মধ্যে উন্নয়ন-সহায়তা বিস্তৃত করার লক্ষ্যে তিনটি চুক্তি ও একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।