ঢাকায় জঙ্গি হামলার নিন্দা প্রণব মুখার্জির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় গুলশানের রেস্তোরাঁয় কাপুরুষোচিত সন্ত্রাসী হামলার কঠোর নিন্দা জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। তিনি বলেছেন, এ ধরনের কাণ্ডজ্ঞানহীন সহিংস কর্মকাণ্ডের কোনো যৌক্তিকতা নেই।
গতকাল রোববার রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছে পাঠানো এক বার্তায় প্রণব মুখার্জি বলেন, ‘ভারত সব ধরনের সন্ত্রাসবাদের নিন্দা জানায়। আমরা মনে করি, এ ধরনের কাণ্ডজ্ঞানহীন সহিংস কর্মকাণ্ডের কোনো যৌক্তিকতা নেই।’ ভারতের রাষ্ট্রপতি আরও বলেন, ‘শুক্রবার ঢাকার একটি রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার খবর শুনে আমি মর্মাহত হয়েছি। তবে আপনার সরকারের নিরাপত্তা বাহিনীর সফল প্রচেষ্টায় বেশ কয়েকজন জিম্মি মুক্ত হওয়ার খবর শুনে আমি স্বস্তি লাভ করেছি।’
ভারতের রাষ্ট্রপতি বলেন, ‘এই কাপুরুষোচিত হামলায় নিরীহ বেসামরিক লোকজনের জানমালের ক্ষয়ক্ষতিতে আমি গভীরভাবে শোকাহত। এই কঠিন সময়ে ভারতের জনগণ বাংলাদেশের জনগণের পাশে রয়েছে। আমরা নিহত ব্যক্তিদের জন্য প্রার্থনা করছি ও তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং আহত ব্যক্তিদের আরোগ্য কামনা করছি।’