ঢাকায় জনসংখ্যার হার বেড়েছে
জনসংখ্যা বৃদ্ধির হার কমাতে নানা ধরনের কর্মসূচি নেওয়ার পরেও ঢাকায় জনসংখ্যা বেড়েছে। সাতটি বিভাগের মধ্যে ছয়টিতে জনসংখ্যা বৃদ্ধির হার কমলেও বেড়েছে শুধু ঢাকা বিভাগে। ‘বিশ্ব জনসংখ্যা দিবস-২০১৬’ উদ্যাপন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে গতকাল মঙ্গলবার পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ওয়াহিদ হোসেন এ তথ্য জানান।
ওয়াহিদ হোসেন বলেন, ‘আমাদের জন্য খুবই অ্যালার্মিং জায়গা হচ্ছে ঢাকা বিভাগ। ঢাকা নিয়ে নিশ্চিন্ত ছিলাম। ২০১১ সালের তুলনায় ২০১৪ সালে সাতটি বিভাগের মধ্যে ছয়টি বিভাগে জনসংখ্যা বৃদ্ধির হার কমেছে। একমাত্র ঢাকা বিভাগে এটা কমেনি, বরং খানিকটা বেড়েছে।’
ঢাকার জনসংখ্যা বৃদ্ধির হার উল্লেখ না করে মহাপরিচালক বলেন, ‘ঢাকার সামান্য পরিবর্তনও পুরো সংখ্যাকে অনেক বেশি প্রভাবিত করে। এ জন্য সব জায়গায় উন্নতি করতে পারলেও মোট হিসাবে উন্নতিটা দেখাতে পারিনি, শুধু ঢাকার জন্য।’ তিনি বলেন, ঢাকার বিভিন্ন জায়গা নির্ধারণ করে নতুন কর্মসূচি নেওয়া হচ্ছে। ২০১৭ সালের জরিপে এটার কিছু প্রতিফলন ঘটবে। ঢাকার অবস্থা এত খারাপ থাকবে না।
ঢাকার বস্তি এলাকা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আওতাভুক্ত নয় জানিয়ে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক বলেন, এটা স্থানীয় সরকারের কাজ। স্থানীয় সরকারের সঙ্গে অভ্যন্তরীণ যোগাযোগ বাড়ানোর চেষ্টা করা হচ্ছে।