৬৩ বছর আগে অর্থাৎ ১৯৪৮ সালের ১৫ ফেব্রুয়ারি ঢাকায় জন্ম নেয় বাঙালির ঐতিহ্যবাহী সামরিক প্রতিষ্ঠান ‘দি ইস্ট বেঙ্গল রেজিমেন্ট’ বা ‘বেঙ্গল টাইগার্স’-এর প্রথম ব্যাটালিয়ন। ৬৩ বছরের ইতিহাসে বেঙ্গল টাইগার্স বহুবার প্রমাণ করেছে যে, তারা প্রকৃতই বাংলার বাঘ। ১৯৬৫ সালে পাকিস্তান-ভারত যুদ্ধে পশ্চিম পাকিস্তানের বেদিয়ান সেক্টরে বেঙ্গল টাইগার্সের প্রথম ব্যাটালিয়নের শৌর্য-বীর্যের কারণে লাহোরের পতন রক্ষা পায়। ওই যুদ্ধে পাকিস্তানের সব ব্যাটালিয়নের চেয়ে বেঙ্গল টাইগার্স বেশি বীরত্বসূচক খেতাব অর্জন করে, বিজয়ের স্মারক হিসেবে বেঙ্গল টাইগার্সের দখল করা একটি ভারতীয় ট্যাঙ্ক এখনো চট্টগ্রাম সেনানিবাসে সংরক্ষিত আছে। মুক্তিযুদ্ধকালে পূর্বে গঠিত বা নবসৃষ্ট ইস্ট বেঙ্গল রেজিমেন্টকে ঘিরে গড়ে উঠেছিল বাংলাদেশ বাহিনী। এরাই বিভিন্ন সেক্টরে হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করে স্বাধীনতা ছিনিয়ে আনে। স্বাধীনতাযুদ্ধে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ব্যাটালিয়নগুলো পেয়েছিল সর্বাধিক বীরত্বসূচক খেতাব। স্বাধীনতা-পরবর্তী সময়ে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট দেশের স্বাধীনতা ও অখণ্ডতা রক্ষা এবং দুর্যোগ মোকাবিলায় অপরিসীম অবদান রেখেছে, দেশের বাইরে জাতিসংঘ মিশন এবং অন্যান্য ক্ষেত্রে আন্তর্জাতিক মানের দক্ষতা প্রদর্শন করেছে।ইস্ট বেঙ্গল রেজিমেন্টের আনুষ্ঠানিক যাত্রা শুরুর দিন ৬৩ বছর আগে তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্নর স্যার ফ্রেডরিক বোর্ন, পাকিস্তানের প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিন, প্রাদেশিক মন্ত্রিসভার সদস্য ঢাকার নবাব খাজা হাবিবুল্লাহ, হাসান আলী, নুরুল আমীন, সৈয়দ মোহাম্মদ আফজাল, হাবিবুল্লাহ বাহার, আবদুল হামিদ, পূর্ব পাকিস্তানের সাব-এরিয়া কমান্ডার মেজর জেনারেল আইয়ুব খানসহ ঢাকার অনেক গণ্যমান্য ব্যক্তি এবং সরকারি কর্মকর্তারা কুর্মিটোলা ময়দানে উপস্থিত ছিলেন। অধিনায়ক লে. কর্নেল ভি জে ই প্যাটারসনের (ব্রিটিশ অফিসার) নেতৃত্বে নবগঠিত ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সৈনিকদের কুচকাওয়াজের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে গভর্নর নবগঠিত ব্যাটালিয়নের পতাকা উত্তোলন করেন ও বক্তব্য দেন। গভর্নর ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রথম ব্যাটালিয়নের প্রতিষ্ঠাকে একটি ঐতিহাসিক ঘটনা বলে উল্লেখ করেন। বেঙ্গল রেজিমেন্ট গঠনের সাহায্যার্থে ৫ থেকে ৭ মার্চ শাহবাগে সামরিক মেলার আয়োজন করা হয়। মেলায় বিভিন্ন ধরনের ক্রীড়ানুষ্ঠানের আয়োজন করা হয়। এরপর ইস্ট বেঙ্গল রেজিমেন্টকে আর পিছে ফিরে তাকাতে হয়নি। ১৯৭০-এর মধ্যে আটটি আর মুক্তিযুদ্ধকালে তিনটি ব্যাটালিয়নের জন্ম হয়, বর্তমানে ব্যাটালিয়নের সংখ্যা দাঁড়িয়েছে ৩৭টি। বাংলাদেশের ইতিহাসে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অবদান স্মরণীয় হয়েই থাকবে। ই-মেইল: [email protected]