ঢাকায় জমে উঠেছে প্রচারণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জমে উঠেছে ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের প্রচারণা। পোস্টারে ছেয়ে গেছে রাস্তাঘাট। অলিগলিতে ঢুকলেই মাথার ওপর ঝুলছে পোস্টার। গতকাল মুগদা এলাকা থেকে তোলা ছবি l প্রথম আলো
জমে উঠেছে ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের প্রচারণা। পোস্টারে ছেয়ে গেছে রাস্তাঘাট। অলিগলিতে ঢুকলেই মাথার ওপর ঝুলছে পোস্টার। গতকাল মুগদা এলাকা থেকে তোলা ছবি l প্রথম আলো

ঢাকা সিটি করপোরেশনের নির্বাচনী প্রচার জমে উঠছে। বাংলা নববর্ষের উৎসব গতির সঞ্চার করেছে নির্বাচনী প্রচারে।
ঢাকা মহানগরের গলি থেকে রাজপথ এখন ছেয়ে গেছে প্রার্থীদের পোস্টারে। নির্বাচনী বিধিতে দেয়ালে পোস্টার সাঁটা নিষিদ্ধ। তাই বিকল্প ব্যবস্থা হিসেবে ভোটের পোস্টার উঠে গেছে ঊর্ধ্বলোকে। সুতলির সঙ্গে এসব পোস্টার লাগিয়ে পথের ওপর ঝুলিয়ে দেওয়া হয়েছে ঝালরের মতো করে। মাঝে মাঝে দমকা হাওয়ার ঝাপটায় উড়ছে সেগুলো। চলছে মাইকে প্রচার। সাইকেল, রিকশা ও সিএনজিচালিত অটোরিকশায় করে প্রার্থীদের কর্মীরা ভোট ও দোয়া চেয়ে ঘুরছেন নগরের পাড়া-মহল্লায়। কোনো কোনো প্রার্থীর জন্য ভোট চেয়ে গানও তৈরি করা হয়েছে। সেই গান বাজছে মাইকে। পরিবেশ বেশ সরগরম।
বসে নেই প্রার্থীরা। পথে নেমেছেন তাঁরা। কেউ ছুটছেন আক্ষরিক অর্থেই। কেউ আবার ঝাড়ু হাতে নেমে পড়েছেন আবর্জনা পরিষ্কারে। অন্যরা ব্যতিব্যস্ত আছেন গণসংযোগ, পথসভা, মতবিনিময়, মিছিল—এমন বিভিন্ন কর্মতৎপরতায়।
গতকাল বুধবার সকালে ঢাকা উত্তরের মেয়র পদপ্রার্থী আনিসুল হক রামপুরা-বনশ্রী এলাকায় তাঁর সমর্থকদের নিয়ে দৌড়ে দৌড়ে বাড়ি বাড়ি গিয়ে ভোট চেয়েছেন। আর উত্তরের আরেক মেয়র পদপ্রার্থী মাহী বি চৌধুরী তাঁর সমর্থকদের নিয়ে বেলা দেড়টায় মিরপুরের কালশী এলাকায় ভোট প্রার্থনার পাশাপাশি ঝাড়ু হাতে নেমেছিলেন এলাকার আবর্জনা পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজে। উত্তরের আরেক প্রার্থী তাবিথ আউয়াল মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় করেছেন জনসংযোগ। জোনায়েদ আবদুর রহিম সাকি (জোনায়েদ সাকি) প্রচার চালিয়েছেন মহাখালী এলাকায়।
আর দক্ষিণে সজ্জিত ঘোড়ার গাড়ির বহর নিয়ে চলেছে ভোটের প্রচার। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় মেয়র পদপ্রার্থী সাঈদ খোকনের পক্ষে প্রচার করা হয়েছে ঘোড়ার গাড়ির শোভাযাত্রা করে। তিনি অবশ্য হেঁটে ভোট চাইতে গিয়েছিলেন সিদ্ধেশ্বরী, মালিবাগ, বেইলি রোড, শান্তিনগর এসব এলাকায়। দক্ষিণের আরেক প্রার্থী মির্জা আব্বাসের পক্ষে তাঁর স্ত্রী আফরোজা আব্বাস গতকাল নির্বাচনী প্রচার চালিয়েছেন পুরান ঢাকার বিভিন্ন মহল্লায়। তিনি ভোট চাওয়া শুরু করেছিলেন পলাশী থেকে। ঘুরেছেন আজিমপুর, লালবাগ এলাকা।
মেয়র পদপ্রার্থীদের মতো কাউন্সিলর পদপ্রার্থীরাও নেমে পড়েছেন নির্বাচনী প্রচারাভিযানে। সমর্থকদের নিয়ে ছোট ছোট দলে তাঁরা নিজ নির্বাচনী এলাকার বাড়ি বাড়ি যাচ্ছেন। ভোটারদের সঙ্গে কুশলাদি বিনিময়ের পর সবিনয়ে ভোট প্রার্থনা করছেন। ভোটারের হাতে ধরিয়ে দিচ্ছেন নিজের ছবি ও নির্বাচনী প্রতীকসংবলিত লিফলেট। নির্বাচনী বিধিমালা অনুসারে প্রার্থীদের রঙিন পোস্টার বা লিফলেট ছাপানো নিষিদ্ধ। পোস্টার-লিফলেটও ছাপতে হচ্ছে নির্ধারিত মাপ অনুসারে। এর ফলে রঙের জেল্লা দেখা যাচ্ছে না বটে, তবে প্রচারাভিযানে হাঁকডাক, জাঁকজমকের কমতি নেই। দিনে দিনে প্রচারাভিযান জমে উঠবে আরও।