ঢাকায় জলবায়ু উদ্বাস্তুর সংখ্যা বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দারিদ্র্যের কশাঘাত থেকে বাঁচতে প্রতিদিন দেশের বিভিন্ন অঞ্চল থেকে দুই হাজার মানুষ ঢাকায় আসে। কিন্তু জলবায়ু পরিবর্তনজনিত কারণে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের শিকার বাস্তুচ্যুত ব্যক্তিরা এই সংখ্যাকে আরও বাড়িয়ে তুলছে। ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান -এ গতকাল প্রকাশিত এক প্রতিবেদনে এমনটিই বলা হয়েছে।
‘ঢাকা: দ্য সিটি হোয়্যার ক্লাইমেট রিফুজিস আর অলরেডি অ্যা রিয়েলিটি’ শীর্ষক ওই প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে জনপ্রতি কার্বন নিঃসরণের হার মাত্র শূন্য দশমিক ৪ মেট্রিক টন। বিপরীতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে এই হার যথাক্রমে ১৭ এবং ৭ দশমিক ১ মেট্রিক টন। আশঙ্কা করা হচ্ছে, আগামী তিন দশকের মধ্যে বাংলাদেশের তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস বাড়বে। ২০৮০ সালের মধ্যে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়বে দুই ফুট। এর ফলে বাংলাদেশ হয়ে উঠবে আরও বেশি বন্যাপ্রবণ, বাড়বে লবণাক্ততা, যা স্বাদু পানির উৎসগুলোকে নষ্ট করে ফেলবে। নষ্ট হবে উর্বর ফসলি জমি। এরই মধ্যে যে বাস্তবতা বাংলাদেশের উপকূলবর্তী মানুষের জীবনকে করে তুলেছে আরও কঠিন ও নির্মম।
প্রতিবেদনে বিশ্বব্যাংকের এক গবেষণার সূত্র ধরে বলা হয়, প্রতিবছর ঢাকায় আসা জলবায়ু উদ্বাস্তুর সংখ্যা প্রায় চার লাখ। আন্তর্জাতিক অভিবাসী সংস্থার (আইওএম) হিসেবে ঢাকার বস্তিগুলোতে বাস করা মানুষের ৭০ শতাংশই জলবায়ু পরিবর্তনজনিত প্রাকৃতিক দুর্যোগের শিকার।