রাজধানীতে গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর এবং পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের ৪৪ জন নেতা-কর্মীকে রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। গতকাল বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত এ আদেশ দেন।এদিকে পুলিশের ওপর হামলা ও যানবাহন ভাঙচুরের ঘটনায় সিলেট, নোয়াখালী, রাজশাহী, চট্টগ্রাম, বরিশাল ও নড়াইলে জামায়াত ও ছাত্রশিবিরের চার হাজার ১৬১ জন নেতা-কর্মীর বিরুদ্ধে ১২টি মামলা হয়েছে। এসব মামলার আসামিসহ নাশকতা সৃষ্টির আশঙ্কায় জামায়াত-শিবিরের ২৩৯ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার ও আটক করেছে পুলিশ।৪৪ নেতা-কর্মী রিমান্ডে: আদালত প্রতিবেদক জানান, ঢাকার রমনা থানায় করা দুটি মামলার একটিতে ৩৫ জনকে, অপরটিতে নয়জনকে ১০ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। রমনা থানায় দুই মামলায় গ্রেপ্তার আছেন ৩৫ জন। মহানগর হাকিম আসাদুজ্জামান চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন। রামপুরা থানায় করা পৃথক মামলায় নয়জনকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। মহানগর হাকিম হাসিবুল হক তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।গতকাল আদালতে দেওয়া পুলিশের প্রতিবেদনে বলা হয়, মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার জামায়াতে ইসলামীর নেতাদের বিচার বাধাগ্রস্ত করতে দেশে বিশৃঙ্খলা ও জনমনে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে। ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিদের রিমান্ডে নেওয়া প্রয়োজন। আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন। আদালত তা নাকচ করে দেন।ঢাকার বাইরের খবর জানাচ্ছেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিরা।নোয়াখালী: জেলা শহর ও সেনবাগ উপজেলায় গত মঙ্গলবার পুলিশের ওপর হামলার ঘটনায় জামায়াত ও ছাত্রশিবিরের ৯৩০ জন নেতা-কর্মীর বিরুদ্ধে পৃথক তিনটি মামলা হয়েছে। এসব মামলায় জেলা জামায়াতের আমির আবদুল মোনায়েমসহ ২৮ জনকে গ্রেপ্তার করে গতকাল নোয়াখালীর মুখ্য বিচারিক হাকিম আদালতে পাঠানো হয়। আদালত তাঁদের জামিনের আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।সিলেট: কোতোয়ালি থানায় করা তিনটি মামলায় জামায়াত-শিবিরের দুই হাজার নেতা-কর্মী ও সমর্থককে আসামি করা হয়েছে। এসব মামলায় ৪৮ জনকে গ্রেপ্তার ও চারজনকে সন্দেহজনক আসামি হিসেবে গতকাল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।নড়াইল: সোমবার পুলিশের ওপর হামলার ঘটনায় জেলা জামায়াতের আমির মাওলানা নুরুন্নবী জেহাদী, সহকারী সেক্রেটারি আয়ুব হোসেন, ছাত্রশিবিরের জেলা সভাপতি মোহাম্মদ খিয়াম উদ্দীন, সাবেক সভাপতি সাইফুল আব্দার, নড়াইল পৌরসভার কাউন্সিলর ইমরুল কায়েসসহ অজ্ঞাতনামা ২৩০ জন নেতা-কর্মীর বিরুদ্ধে সদর থানায় মামলা হয়েছে। এ ঘটনায় আরও ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে ৩৩ জনকে গ্রেপ্তার করা হলো।রাজশাহী: ছাত্রশিবিরের ২৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ৪০০ জনকে আসামি করে বোয়ালিয়া থানায় দুটি মামলা করেছে পুলিশ। এর মধ্যে এজাহারভুক্ত ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ তাঁদের গতকাল আদালতে সোপর্দ করেছে। চট্টগ্রাম: মঙ্গলবার দুপুরে নগরে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় জামায়াত-শিবিরের ১৪ জনসহ অজ্ঞাত আরও ৪০০ নেতা-কর্মীর বিরুদ্ধে কোতোয়ালি থানায় পৃথক দুটি মামলা হয়েছে। রাতেই পাঁচলাইশ ও কোতোয়ালি থানা এলাকা থেকে শিবিরের আরও আট কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।বরিশাল: পুলিশের ওপর হামলার ঘটনায় জামায়াতের নেতা সালাউদ্দিন মাসুমসহ সাতজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১৫০ জন নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেছে কোতোয়ালি থানার পুলিশ। মঙ্গলবার দুপুর থেকে গতকাল দুপুর পর্যন্ত নগরের বিভিন্ন স্থান থেকে ১৫ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করে র্যাব। কুষ্টিয়া: মঙ্গলবার রাতে জেলার খোকসা, মিরপুর, ভেড়ামারা, কুমারখালী, দৌলতপুর, সদর ও ইসলামী বিশ্ববিদ্যালয় থানা এলাকা থেকে জামায়াত-শিবিরের ৩৮ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।ফরিদপুর: মঙ্গলবার রাতে শহরের কুঠিবাড়ী কমলাপুর বটতলা ও চাঁদমারীর দুটি ছাত্রাবাস থেকে ছাত্রশিবিরের দুই নেতাসহ ১৮ জন ছাত্রকে আটক করে পুলিশ।চাঁদপুর, মৌলভীবাজার ও গাজীপুরের টঙ্গী থেকে গতকাল জামায়াত-শিবিরের ৩২ জন নেতা-কর্মীকে আটক করেছে র্যাব ও পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে বগুড়া, নারায়ণগঞ্জ, চট্টগ্রামের লোহাগাড়া ও পিরোজপুরের মঠবাড়িয়া থেকে গ্রেপ্তার করা হয় ১৯ জনকে।