ঢাকায় জ্বরে আক্রান্ত তরুণের মৃত্যু শরীয়তপুরে
শরীয়তপুরের জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গতকাল শুক্রবার ভোরে রনি ব্যাপারী নামের এক তরুণের মৃত্যু হয়েছে। চিকিৎসকেরা বলছেন, তিনি ডেঙ্গু জ্বরে আক্রান্ত ছিলেন।
রনির (১৯) বাড়ি উপজেলার রহিম উদ্দিন মালাই মৃধাকান্দি গ্রামে। তবে পরিবারের লোকজনের দাবি, রনি চিকুনগুনিয়ায় আক্রান্ত ছিলেন।
পরিবার ও জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, রনি ঢাকার কেরানীগঞ্জ এলাকায় একটি কাপড়ের দোকানে দরজির কাজ করতেন। তিনি ১৫ জুলাই জ্বরে আক্রান্ত হন। কোনো হাসপাতালে চিকিৎসা না নিয়ে ১৯ জুলাই গ্রামের বাড়ি ফিরে আসেন। এরপর তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটলে গত বৃহস্পতিবার বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গতকাল ভোর চারটার দিকে রনি মারা যান।
রনির বাবা সোহরাব ব্যাপারী প্রথম আলোকে বলেন, রনির সারা শরীরে ব্যথা ছিল। জ্বর না কমায় তাঁকে স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসককে দেখানো হয়। কিছু রক্ত ও অন্যান্য পরীক্ষা-নিরীক্ষার ফলাফল দেখে ওই চিকিৎসক বলেন, রনি চিকুনগুনিয়া জ্বরে আক্রান্ত, তাঁকে ভর্তি করতে হবে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মামুদুল হাসান বলেন, ছেলেটির (রনি) চিকুনগুনিয়া জ্বরে আক্রান্ত হওয়ার কোনো লক্ষণ পাওয়া যায়নি। সম্ভবত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছে।
সিভিল সার্জন নির্মল চন্দ্র দাস বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়ার লক্ষণ প্রায় কাছাকাছি। ওই তরুণের রক্তের পরীক্ষায় ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার ইঙ্গিত মিলেছে। চিকুনগুনিয়া ডায়াগনোসিস করার মতো ব্যবস্থা এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেই।