ঢাকায় ঝটিকা মিছিল করেছে জামায়াত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বিভিন্ন এলাকায় গতকাল সোমবার সকালে ঝটিকা মিছিল করেছেন জামায়াত-শিবিরের কর্মীরা। পুলিশ লাঠিপেটা ও রাবার বুলেট ছুড়ে মিছিলকারীদের ছত্রভঙ্গ করে দেয়। নাটোর ও নোয়াখালীর সোনাইমুড়ীতে জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। দুটি স্থানে পুলিশসহ আহত হয়েছেন ৩১ জন।
একাত্তরের মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত মতিউর রহমান নিজামী, দেলাওয়ার হোসাইন সাঈদীসহ জামায়াতে ইসলামীর নেতাদের মুক্তির দাবিতে গতকাল সারা দেশে বিক্ষোভ মিছিলের কর্মসূচি দেয় জামায়াত।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল নয়টার দিকে জামায়াত-শিবিরের কয়েক শ নেতা-কর্মী ব্যানার নিয়ে হঠাৎ করে মহাখালীর ওয়্যারলেস গেট এলাকায় ঝটিকা মিছিল বের করেন। তাঁরা রাস্তায় গাড়ি ভাঙচুরের চেষ্টা চালান। পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করতে লাঠিপেটা করে। এতে ১০ জন আহত হন। সেখান থেকে একজনকে আটক করে পুলিশ।
সকাল পৌনে নয়টার দিকে পুরান ঢাকার দয়াগঞ্জ থেকে আরেকটি মিছিল বের হয়ে স্বামীবাগের দিকে যায়। পুলিশ ধাওয়া দিয়ে ও রাবার বুলেট ছুড়ে মিছিল ছত্রভঙ্গ করে দেয়। একই সময়ে রাজধানীর মোহাম্মদপুর ও সবুজবাগ থানার মাদারটেক চৌরাস্তা থেকে আরও দুটি মিছিল বের হয়।
জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান গতকাল এক বিবৃতিতে দলের বিক্ষোভ কর্মসূচিতে রাজধানী ঢাকা, রংপুর, নাটোর, দিনাজপুর, নওগাঁ, নরসিংদী, পটুয়াখালী, টাঙ্গাইল, বগুড়া, কুড়িগ্রাম, নোয়াখালী ও লক্ষ্মীপুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হামলা করেছে বলে অভিযোগ করেন। এতে শতাধিক নেতা-কর্মী আহত হয়েছেন এবং দুই শতাধিক নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেন তিনি।
নাটোর: সকাল সাড়ে আটটার দিকে নাটোর শহরের হরিশপুর বাইপাস মোড় থেকে মিছিল বের করে জামায়াত। মিছিলটি চকরামপুরের দিকে গেলে একতার মোড়ে পুলিশ বাধা দেয়। এ সময় মিছিলটি আবার হরিশপুরে ফিরে যাওয়ার সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। পুলিশ গুলি করে মিছিলকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এতে শিবিরের সাবেক নেতা শামসুল ইসলাম (৪৪) ও জামায়াতের কর্মী শাহাবুদ্দিন (৬২) গুলিবিদ্ধ হন। এ ছাড়া সংঘর্ষে ছয় পুলিশ সদস্যসহ আরও অন্তত ২৪ জন আহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করেছে।
জানা গেছে, শিবিরের গুলিবিদ্ধ সাবেক নেতা শামসুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক। তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে স্থানীয় লোকজন অভিযোগ করেছেন, সংঘর্ষের সময় পুলিশ আশপাশের বাড়ি ও স্কুলে মুহুর্মুহু কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। এতে নাটোর শেরেবাংলা উচ্চবিদ্যালয় ও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অর্ধশত শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। নাটোর থানার ওসি আসলাম উদ্দিন জানান, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ছয়টি গুলি করেছে।
নোয়াখালী: সোনাইমুড়ী ডাকবাংলো এলাকা থেকে সকাল সোয়া নয়টার দিকে মিছিল বের করেন জামায়াত-শিবিরের শতাধিক নেতা-কর্মী। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজগেট এলাকায় এসে সমাবেশে মিলিত হয়। সেখানে উপজেলা জামায়াতের সেক্রেটারি রহিম উল্লা মাস্টারের বক্তৃতার শেষ মুহূর্তে পুলিশ এসে লাঠিপেটা শুরু করে। শুরু হয় দুই পক্ষের সংঘর্ষ। একপর্যায়ে পুলিশ গুলি ছুড়ে নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। পুলিশ ধাওয়া করে জামায়াত-শিবিরের সাত কর্মীকে আটক করে। সংঘর্ষে পাঁচজন আহত হন।
উপজেলা জামায়াতের আমির মো. হানিফ অভিযোগ করে বলেন, পুলিশ কোনো কারণ ছাড়াই তাঁদের ওপর হামলা ও গুলি চালিয়েছে। তবে সোনাইমুড়ী থানার ওসি আবদুস সামাদ বলেন, জামায়াত বিনা অনুমতিতে জঙ্গি মিছিল বের করায় পুলিশ বাধা দিয়েছে।
কুমিল্লা: সকাল ১০টার দিকে নগরের কান্দিরপাড় সাত্তার খান শপিং মলের সামনে থেকে ঝটিকা মিছিল বের করে জামায়াত-শিবির। মাত্র তিন মিনিটের মতো মিছিল করে তারা গা ঢাকা দেয়।
ভোলা: ভোলা শহরের খলিফাপট্টি মসজিদের সামনে থেকে বিকেল চারটার দিকে মিছিল বের করে জামায়াত। মিছিলটি মহাজনপট্টি শিশমহল এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে লাঠিপেটা করে নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। পুলিশ মো. মান্নান (৪৫) নামের একজনকে আটক করেছে।
[প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন আমাদের নিজস্ব প্রতিবেদক ঢাকা, কুমিল্লা, নোয়াখালী ও ভোলা অফিস এবং নাটোর প্রতিনিধি]