ঢাকা সিটি করপোরেশনকে (ডিসিসি) বিভক্তি এবং হরতালের সময় সাদেক হোসেন খোকার ওপর হামলার প্রতিবাদে টানা পাঁচ দিন প্রতিবাদ কর্মসূচি পালন করবে বিএনপি।গতকাল বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়। তাতে বলা হয়, বিএনপি ৮ থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত ডিসিসির প্রতিটি থানায় জনসভা, বিক্ষোভ ও প্রতিবাদ সভা করবে।গত রোববার হরতালে ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকার ওপর হামলার প্রতিবাদ এবং আটক নেতা-কর্মীদের মুক্তির দাবিতে গতকাল এই সমাবেশের আয়োজন করা হয়।সমাবেশে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সংবিধানে লেখা আছে, স্থানীয় সরকার পর্যায়ে কোনো অনির্বাচিত প্রশাসক নিয়োগ দেওয়া যাবে না। কিন্তু সরকার ডিসিসিতে প্রশাসক নিয়োগ দিয়ে সংবিধান লঙ্ঘন করেছে। এ জন্য একদিন প্রধানমন্ত্রীসহ বর্তমান সরকারের সব মন্ত্রীকে কাঠগড়ায় দাঁড়াতে হবে।মির্জা ফখরুল বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন, ঢাকায় জনসংখ্যা বেড়ে গেছে। জনগণের সেবার মান বাড়ানোর জন্যই ডিসিসিকে দুই ভাগ করা হয়েছে। তাহলে তো প্রধানমন্ত্রীর পদও ভাগ করতে হবে। কারণ, বাংলাদেশে মানুষ অনেক বেড়ে গেছে। এখন একজন প্রধানমন্ত্রী দিয়ে হবে না। দুজন প্রধানমন্ত্রী লাগবে।’ মন্ত্রিসভা রদবদল করে সরকার বাঁচার শেষ চেষ্টা করছে বলে দাবি করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। তিনি বলেন, ‘আল্লাহ যখন সময় শেষ করে দেন, তখন কি আর ওষুধে কাজ হয়? সরকারের মরণ এসে গেছে, এখন ওষুধে আর কাজ হবে না।’আওয়ামী লীগকে উদ্দেশ করে মির্জা ফখরুল বলেন, ‘যুদ্ধাপরাধীদের ক্ষমাও করেছেন আপনারা, তাদের রক্ষাও করছেন আপনারা। আওয়ামী লীগের প্রধানই ১৯৫ জন যুদ্ধাপরাধীকে ক্ষমা করে দিয়েছিলেন। এখন আমরা কর্মসূচি দিলেই তারা বলে, যুদ্ধাপরাধীদের বাঁচাতে কর্মসূচি দেওয়া হয়েছে।’মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএনপিকে যুদ্ধাপরাধীদের দল বলেছেন। অথচ বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানই দেশের স্বাধীনতা ঘোষণা করেছেন। তিনি নিজে রণাঙ্গনে লড়াই করে দেশ স্বাধীন করেছেন। তিনি দাবি করেন, বিএনপিতে যত মুক্তিযোদ্ধা আছেন, আওয়ামী লীগে তত মুক্তিযোদ্ধা নেই। যুদ্ধের সময় আওয়ামী লীগের নেতারা কলকাতায় ঘুরে বেড়িয়েছেন, আর যুদ্ধ করেছেন বিএনপির নেতারা।প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভী সম্পর্কে মির্জা ফখরুল বলেন, ‘এই সরকার ক্ষমতায় আসার আগে তাঁর নাম কখনো শুনিনি। তিনি ভারতের নাগরিক, ভারতের স্বার্থেই কথা বলছেন। গওহর রিজভী বলেছেন, টিপাইমুখ বাঁধ হলে বাংলাদেশের উপকার হবে।’ মহানগর বিএনপির সদস্যসচিব আবদুস সালামের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আবদুল মঈন খান, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান প্রমুখ।