ঢাকায় টিকফার প্রথম বৈঠক সোমবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টিকফার প্রথম বৈঠক আগামী সোমবার ঢাকায় অনুষ্ঠিত হবে। গত জানুয়ারি থেকে ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট করপোরেশন ফোরাম এগ্রিমেন্ট (টিকফা) কার্যকর হয়েছে।

বাণিজ্য সচিব মাহবুব আহমেদ আজ শনিবার জানান, এই বৈঠকের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বৈঠকে মূল আলোচ্য বিষয় হবে ডিউটি ফ্রি ও কোটা ফ্রি (ডিএফকিউএফ) বাজার প্রবেশ এবং জিএসপি সুবিধা।
বাণিজ্য সচিব এই বৈঠককে ঢাকা ও ওয়াশিংটনের মধ্যে উচ্চপর্যায়ের আলোচনা উল্লেখ করে বলেন, বৈঠকের ফলে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির উপায় খুঁজে বের করা সহায়ক হবে। তিনি আরও বলেন, এসব বিষয় নিয়ে আলোচনা করার জন্য যুক্তরাষ্ট্রের উচ্চক্ষমতাসম্পন্ন একটি বেসরকারি বাণিজ্য প্রতিনিধিদল ইতিমধ্যেই ঢাকায় পৌঁছেছে।
ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা এর আগে সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশ বৈঠকে আরও ইস্যু উত্থাপন করতে চায়। আমরাও কিছু কিছু ইস্যু বৈঠকে উত্থাপন করব। দুই দেশের মধ্যকার বাণিজ্য ও বিনিয়োগে বাধা দূর করার উপায় খুঁজে বের করতে আমরা মতবিনিময় করব।’
সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক অধ্যাপক মুস্তাফিজুর রহমান এ ব্যাপারে বলেন, বাংলাদেশে অর্থনৈতিক উন্নয়ন স্থিতিশীল রাখতে ঢাকা ও ওয়াশিংটনের মধ্যকার অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে হবে। তিনি বলেন, এ ক্ষেত্রে টিকফা একটি বড় সুযোগ সৃষ্টি করতে দিতে পারে। এই বৈঠক বাংলাদেশের জন্যই খুবই গুরুত্বপূর্ণ। তিনি মনে করেন, বাংলাদেশের এখন একমাত্র প্রচেষ্টা হতে হবে যুক্তরাষ্ট্রের বাজারে আরও অধিক পরিমাণে পণ্যের প্রবেশ ও শুল্কমুক্ত বাজার সুবিধা পাওয়া। বাসস।