ঢাকায় ট্রাক ও কুমিল্লায় বাসচাপায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা ও কুমিল্লার দাউদকান্দি উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক পুলিশ কর্মকর্তা ও এক নারী নিহত হয়েছেন। গতকাল বুধবার রাতে ও আজ বৃহস্পতিবার সকালে এসব দুর্ঘটনা ঘটে। পুলিশ কর্মকর্তা ট্রাকচাপায় ও অজ্ঞাতপরিচয় নারী বাসচাপায় নিহত হয়েছেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, গতকাল দিবাগত রাত একটার দিকে রাজধানীর দিলকুশা এলাকায় পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মিজানুর রহমানকে একটি ট্রাক চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়া হয়। পরে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তাঁর বাড়ি মুন্সিগঞ্জে। তিনি ঢাকায় কর্মরত ছিলেন।

দাউদকান্দি হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলামের ভাষ্য, সকাল সোয়া আটটার দিকে দাউদকান্দি বিশ্বরোডে কুমিল্লাগামী রয়েল পরিবহনের একটি বাসের চাপায় অজ্ঞাত এক নারী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় বাসটি তাঁকে চাপা দেয়। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। লাশ দাউদকান্দি হাইওয়ে পুলিশ হেফাজতে রয়েছে। দাউদকান্দি হাইওয়ে পুলিশের এসআই রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।