ঢাকায় ট্রাফিক নিয়ম অবিলম্বে কার্যকরের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মহানগরের সড়কগুলোতে যানবাহন চলাচলের ক্ষেত্রে সংশ্লিষ্ট ট্রাফিক রুলস (নিয়ম) অবিলম্বে কার্যকর করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গতকাল বৃহস্পতিবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত রুলসহ এ আদেশ দেন।
রুলে ঢাকা মহানগরের রাস্তাগুলোতে উল্টো দিক (রং সাইড) দিয়ে প্রভাবশালী ও উচ্চপদস্থ ব্যক্তিদের বহনকারী গাড়ি চলাচল রোধে সংশ্লিষ্ট ট্রাফিক রুলসের আলোকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে। স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), ঢাকা মহানগর পুলিশের কমিশনার ও ঢাকা মহানগর পুলিশের (ট্রাফিক) যুগ্ম কমিশনারকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। ওই নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন আগামী ২৭ নভেম্বরের মধ্যে আদালতে দাখিল করতে বিবাদীদের বলা হয়েছে।
গতকাল ইংরেজি দৈনিক ডেইলি স্টার-এ ‘ইনফ্লুয়েনশিয়ালস অন দ্য রং সাইড’ শিরোনামে প্রতিবেদন ছাপা হয়।