ঢাকায় ট্রায়াথলন ও ডুয়াথলন

সাইক্লিং, সাঁতার ও দৌড় প্রতিযোগিতার মাধ্যমে শেষ হলো ‘ঢাকা চ্যালেঞ্জ ২০১৭’ নামে ট্রায়াথলন ও ডুয়াথলন প্রতিযোগিতা। রাজধানীর হাতিরঝিলে আজ শুক্রবার সকালে এর সমাপনী অনুষ্ঠান হয়।
ট্রায়াথলন হলো একজন প্রতিযোগী যখন পর্যায়ক্রমে সাতার, সাইক্লিং ও দৌড় প্রতিযোগিতায় অংশ নেয়। আর যখন একজন প্রতিযোগী প্রথমে সাইক্লিং ও পরে দৌড় প্রতিযোগিতা অংশ নেয় তখন সেটি ডুয়াথলন।
অ্যাডভেঞ্চার আউটডোর–ভিত্তিক প্রতিষ্ঠান থাউজেনড মাইলস এক্সপেডিশন বাংলাদেশ এর আয়োজনে অনুষ্ঠানটি শুরু হয় সকাল ছয়টায়। ট্রায়াথলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুইমিংপুলে ৪০০ মিটার সাঁতারের মাধ্যমে প্রতিযোগিতা শুরু হয়। সেখান থেকে ৩২ কিলোমিটার সাইক্লিং করে প্রতিযোগীরা হাতিরঝিলে পৌঁছান। হাতিরঝিলে আট কিলোমিটার দৌড়ে তাঁদের প্রতিযোগিতা শেষ হয়। ডুয়াথলনও শুরু হয় সকাল ছয়টায়। এ অংশে ছিল ২০ কিলোমিটার সাইক্লিং, হাতিরঝিলে পাঁচ কিলোমিটার এবং ২ দশমিক ৫ কিলোমিটার দৌড়।
আয়োজনের দুই পর্বে অংশ নেন ২০০ জন প্রতিযোগী। বিদেশিরাও এতে অংশ নেন। ট্রয়াথলনে প্রথম হয়েছেন নিকোলাস ব্রোকার্ড সাইদি, ডুয়াথলনে প্রথম হয়েছেন রাকিবুল ইসলাম। ট্রয়াথলনে নারী প্রতিযোগীদের মধ্যে প্রথম হয়েছেন জাস্টিন লেফরেস্টার এবং ডুয়াথলনে নারী প্রতিযোগীদের মধ্যে প্রথম হয়েছেন রাবেয়া বুশরা।
এ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। তিনি বলেন, ‘আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি তারুণ্যের শক্তি। এই তারুণ্যের মধ্য দিয়ে যদি দেশকে এগিয়ে নিতে পারি, তাহলেই গণতান্ত্রিক সুবিধা পাওয়া যাবে।’ মন্ত্রী স্পোর্টস ও অ্যাডভেঞ্চার পর্যটনকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।
বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান আখতারুজ্জামান কবির বলেন, এ ধরনের আয়োজন তাঁরা সামনে আরও দেখতে চান। বাংলাদেশ টুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নাসির উদ্দিন বলেন, উন্নয়নের ভাবনায় পর্যটনকে রাখতে হবে। ঢাকা চ্যালেঞ্জের আহ্বায়ক তামজিদ সিদ্দিক বলেন, এ ধরনের আয়োজন ঢাকায় প্রথম আয়োজিত হলো। পরবর্তী সময়ে তাঁরা এ অনুষ্ঠান আন্তর্জাতিকভাবে আয়োজন করতে চান।
সমাপনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন হাতিরঝিল সমন্বিত উন্নয়ন প্রকল্প পরিচালক মেজর জেনারেল আবু সাঈদ মোহাম্মদ মাসুদ ও টুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি ফজলুর রহমান।