ঢাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মহাখালী রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা পৌনে দুইটার দিকে মহাখালী রেলগেট এলাকায় ঢাকা কমলাপুরগামী একটি ট্রেনের সঙ্গে ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। তাঁর বয়স আনুমানিক ৩০ বছর।

পথচারী নুর নবী জানান, ওই ব্যক্তি আজ বেলা পৌনে দুইটার দিকে মহাখালী রেলগেট এলাকায় ঢাকা কমলাপুরগামী একটি ট্রেনের সঙ্গে ধাক্কা খেয়ে গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই ব্যক্তির পরনে ছিল নীল রঙের গেঞ্জি ও জিনসের প্যান্ট।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।