প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে মেধাসম্পদ স্বত্ব (আইপি) সংশ্লিষ্ট সব কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে ঢাকায় একটি দপ্তর (লিয়াজোঁ অফিস) স্থাপনের জন্য বিশ্ব মেধাসম্পদ সংস্থার (ডব্লিউআইপিও) প্রতি আহ্বান জানিয়েছেন। সফররত ডব্লিউআইপিওর মহাপরিচালক ফ্রান্সিস গারি গতকাল মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। খবর বাসসের।বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ জানান, তাঁরা মেধাসম্পদ স্বত্বসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।শেখ হাসিনা বলেন, তাঁর সরকার বর্তমানে প্যাটেন্ট, ট্রেড মার্ক ও কপিরাইট দপ্তরের কার্যক্রম একীভূত করে একটি সমন্বিত জাতীয় আইপি দপ্তর প্রতিষ্ঠার জন্য কাজ করছে। এ ক্ষেত্রে তিনি ডব্লিউআইপিওর সহযোগিতা চান। মেধাসম্পদ ছাড় দেওয়ায় দেশের ওষুধ শিল্পের বিশাল অগ্রগতি অর্জিত হয়েছে—উল্লেখ করে প্রধানমন্ত্রী স্বল্পোন্নত দেশগুলোর স্বার্থে ছাড়ের মেয়াদ আরও ১৫ বছর বাড়ানোর অনুরোধ জানান। এই মেয়াদ ২০১৫ সালে উত্তীর্ণ হওয়ার কথা। প্রধানমন্ত্রী সম্প্রতি বাংলাদেশি বিজ্ঞানীদের উদ্ভাবিত পাটের জীবনরহস্য উন্মোচন মেধাস্বত্ব সংরক্ষণে ডব্লিউআইপিওর সহায়তা কামনা করেন।