ঢাকায় ডিবি পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ যুবক আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার গেন্ডারিয়ায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আবদুল করিম (৩০) নামে এক যুবক আহত হয়েছেন। তাঁকে গ্রেপ্তারের পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ তাঁর কাছ থেকে আগ্নেয়াস্ত্র, গুলি ও ককটেল উদ্ধারের দাবি করেছে।এদিকে হাসপাতালে চিকিৎসাধীন করিম গতকাল রোববার দাবি করেন, তাঁকে গত বৃহস্পতিবার পূর্ব জুরাইনে আলম মার্কেটের পেছনে ভাড়াবাসার সামনে থেকে সাদা পোশাকের কয়েকজন লোক নিজেদের ডিবি পরিচয় দিয়ে গাড়িতে তুলে ডিবি কার্যালয়ে নিয়ে যান। শনিবার রাতে ডিবি পুলিশ তাঁকে গেন্ডারিয়ায় মিল ব্যারাক মাঠে নিয়ে গুলি করে। পরে একটি রিভলবারে তাঁর হাতের ছাপ নেওয়া হয়।ওই বন্দুকযুদ্ধের পর অস্ত্র-ককটেল উদ্ধারের ঘটনায় করিমের বিরুদ্ধে মামলা করেন ডিবির পরিদর্শক রুহুল আমিন। ওই মামলা উদ্ধৃত করে গতকাল গেন্ডারিয়া থানার কর্তব্যরত উপপরিদর্শক (এসআই) সেলিম মিয়া প্রথম আলোকে জানান, শনিবার রাত ১২টার দিকে ডিবির পরিদর্শক রুহুল আমিনের কাছে খবর আসে শীর্ষ সন্ত্রাসী ডাকাত শহীদের সহযোগীরা মিল ব্যারাক বালুর মাঠে জড়ো হয়েছে। এ তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশ সেখানে গেলে সন্ত্রাসীরা ডিবি পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। ডিবি পুলিশও পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে ডিবি পুলিশ গুলিবিদ্ধ একজনকে ধরতে পারে, অন্যরা পালিয়ে যায়। আহত করিমকে গ্রেপ্তারের পর তাঁর নাম-ঠিকানা জেনেছে ডিবি। মামলায় করিমের কাছ থেকে চারটি ককটেল, একটি রিভলবার ও গুলি উদ্ধারের কথা বলা হয়েছে। পরে তাঁকে চিকিৎসার জন্য গেন্ডারিয়া থানায় সোপর্দের পর হাসপাতালে ভর্তি করা হয়।করিম জানান, বৃহস্পতিবার তিনি ভাই-ভাতিজাদের নিয়ে শেরেবাংলা নগরে বাণিজ্য মেলায় যান। সেখান থেকে ফিরে বাসায় ঢোকার সময় কালো কাপড় দিয়ে তাঁর চোখ বেঁধে ও হাতকড়া পরিয়ে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। শুক্রবার তাঁকে অস্ত্র বের করে দিতে বললে তিনি তাঁর কাছে অস্ত্র নেই বলে জানান। এতে ডিবি পুলিশ ক্ষিপ্ত হয়। ডিবি শনিবার রাতে তাঁকে মিল ব্যারাক মাঠে নিয়ে কানের কাছে প্রথমে দুটি ফাঁকা গুলি এবং পরে ডান পায়ে পিস্তল ঠেকিয়ে গুলি করে। তিনি জানান, সদরঘাটে তিনি একটি কেরম খেলার ঘর চালান। অনেক দিন আগে কোতোয়ালি থানায় গাড়ি ভাঙচুরের একটি মামলায় তাঁকে ষড়যন্ত্রমূলক আসামি করা হয়। এ ছাড়া তাঁর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই।করিমের মা তসিরন বেগম অভিযোগ করেন, সাদা পোশাকের লোকজন করিমকে গাড়িতে তুলে নিয়ে যাওয়ার পর বিভিন্ন থানা, ডিবি ও র‌্যাবের কার্যালয়ে গিয়ে তাঁর খোঁজ পাননি। গতকাল সকালে হাসপাতাল থেকে ফোন করে করিমের গুলিবিদ্ধ হওয়ার কথা জানানোর পর তিনি হাসপাতালে আসেন। এ বিষয়ে বক্তব্য জানতে ডিবির পরিদর্শক রুহুল আমিনকে কয়েকবার ফোন করলেও তিনি ধরেননি।