ঢাকায় ঢুকতে পুলিশ ও ক্ষমতাসীনদের বাধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে পুলিশ ও ক্ষমতাসীন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা গতকাল সোমবার ভোর থেকে ঢাকার প্রবেশপথগুলোতে অবস্থান নিয়ে রাজধানীমুখী যানবাহনগুলো আটকে দেন। আশুলিয়ায় বিএনপি ও জামায়াতে ইসলামীর চারটি বাস ভাঙচুর করা হয় এবং পিটিয়ে আহত করা হয় অর্ধশত নেতা-কর্মীকে। নারায়ণগঞ্জের রূপগঞ্জেও আওয়ামী লীগের নেতা-কর্মীরা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেন বলে অভিযোগ পাওয়া যায়।আওয়ামী লীগ-সমর্থিত জাতীয় ঘাট শ্রমিক লীগের লাল পোশাকধারী শ্রমিকেরা দক্ষিণাঞ্চলের লঞ্চগুলো সদরঘাট টার্মিনালে ভিড়তে দেননি। নির্দেশ অমান্য করে নৌকা চালানোয় মারধর করা হয় সাত-আটজন মাঝিকে। ঢাকার বাইরে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:কেরানীগঞ্জ (ঢাকা): জাতীয় ঘাট শ্রমিক লীগের একাধিক দল লাঠিসোঁটা নিয়ে গতকাল ভোর পাঁচটা থেকে ইঞ্জিনচালিত নৌকায় চড়ে বুড়িগঙ্গা নদীতে মহড়া দেয়। ভোর ছয়টা থেকে সকাল আটটার মধ্যে অল্প কিছু যাত্রী নিয়ে দুটি লঞ্চ সদরঘাটে ভিড়তে গেলে পুলিশের উপস্থিতিতেই তারা বাধা দেয়। লঞ্চ কর্তৃপক্ষ বাধ্য হয়ে অন্য জায়গায় নিয়ে যাত্রীদের নামিয়ে দেয়। ওই সময় তারা নৌকা চলাচলও বন্ধ করে দেয়। নির্দেশ অমান্য করে কয়েকজন নৌকা চালালে সকাল সাড়ে আটটার দিকে কেরানীগঞ্জের আগানগর ইস্পাহানি ঘাট এলাকায় সাত-আটজন মাঝিকে মারধর করে তারা। এ সময় ঘাটে অবস্থানরত পোশাক কারখানার শ্রমিকেরা মাঝিদের সঙ্গে একত্র হয়ে শ্রমিক লীগের লোকদের ধাওয়া দেন। সাভার: রাজধানীর অদূরে সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে কার্যত হরতাল ছিল গতকাল। ঢাকা-আরিচা ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কোনো বাস ও পণ্যবাহী ট্রাক চলেনি। প্রত্যক্ষদর্শী সূত্রের বিবরণ অনুযায়ী, পুলিশের বাধা অতিক্রম করে গতকাল দুপুর ১২টার দিকে বিএনপি ও জামায়াতে ইসলামীর কয়েক শ নেতা-কর্মী চারটি বাসে করে গাজীপুরের কাশিমপুর থেকে ঢাকায় বিএনপির মহাসমাবেশে যাচ্ছিলেন। আশুলিয়ার নরসিংহপুর এলাকায় পৌঁছালে ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের নেতা-কর্মীরা বাসগুলো ভাঙচুর করে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মারধর করেন। এতে আহত হন অর্ধশত নেতা-কর্মী। পরে পুলিশ এসে যুবলীগের কাউকে গ্রেপ্তার না করে কাশিমপুরের তিন জামায়াতের নেতাকে গ্রেপ্তার করে।স্থানীয় আওয়ামী লীগের নেতা আবদুল কাদির দেওয়ান হামলার কথা অস্বীকার করেছেন। আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আবিদ হোসেন খান বাস ভাঙচুরের বিষয়টি নিশ্চিত করলেও কারা হামলা করেছে, তা তিনি জানেন না বলে জানান।নারায়ণগঞ্জ: ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা গাউছিয়া ও আশপাশের এলাকায় সকাল থেকে লাঠি, রড, গাছের ডাল নিয়ে মহড়া দেন আওয়ামী লীগের কর্মীরা। তাঁরা বিভিন্ন যানবাহন আটকে যাত্রীদের নামিয়ে দেন। মহাসড়কে গাড়ি বের করার অপরাধে চালকদের মারধর ও বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেন। মুন্সিগঞ্জ: গতকাল সারা দিন মুন্সিগঞ্জ শহর, টঙ্গীবাড়ি ও মাওয়া থেকে কোনো বাস ঢাকায় যায়নি। মাওয়া-কাওরাকান্দি ও মুন্সিগঞ্জ-নারায়ণগঞ্জ নৌপথে চলেনি লঞ্চ। মাওয়া ঘাট, শ্রীনগরের হাঁসাড়া, সিরাজদিখানের নীমতলীসহ বিভিন্ন স্থানে চৌকি বসিয়ে ছোট যানগুলোতে তল্লাশি চালায় পুলিশ। সকালে গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভবেরচরে মহাসমাবেশে যাওয়ার পথে বিএনপির সমর্থকদের বাধা দেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এ সময় দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়।কালিয়াকৈর (গাজীপুর): ভোরে দু-একটি লোকাল বাস-মিনিবাস চলতে দেখা গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা বন্ধ হয়ে যায়। সকাল নয়টার পর থেকেই বাস শূন্য হওয়ায় জেলার সড়ক ও মহাসড়ক ছিল অটোরিকশা, টেম্পো ও রিকশার দখলে। বেলা সাড়ে ১১টার দিকে টঙ্গী ও আবদুল্লাহপুর ফুটওভারব্রিজের নিচে গিয়ে দেখা গেছে, অটোরিকশা, স্কুটার, মাইক্রোবাস, প্রাইভেট কারসহ সব যানবাহন থামাচ্ছে পুলিশ। যাত্রীদের গাড়ি থেকে নামিয়ে শরীর তল্লাশি করা হচ্ছে। চাঁদপুর: গতকালও চাঁদপুর থেকে ঢাকা ও নারায়ণগঞ্জের উদ্দেশে কোনো লঞ্চ ছেড়ে যায়নি। চলেনি ঢাকার বাস।